২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের জন্য দিবালাকে ছাড়বে না ইউভেন্তুস

আর্জেন্টিনার হয়ে অলিম্পিক খেলার জন্য পাওলো দিবালাকে ইউভেন্তুস ছাড়বে না বলে জানিয়েছেন ক্লাবটির মহাপরিচালক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 05:25 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

ইউভেন্তুসের হয়ে অসাধারণ একটা মৌসুম কাটানো দিবালাকে আগামী মাসে হতে যাওয়া কোপা আমেরিকার দলে রাখেননি আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো। তবে ২২ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড অগাস্টে হতে যাওয়া রিও দে জেনেইরো অলিম্পিকের ৩৫ সদস্যের প্রাথমিক দলে আছেন।
 
ইউভেন্তুসের মহাপরিচালক জুজেপ্পে মারোত্তা বলেন, “অলিম্পিকের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে তাকে (দিবালা) রাখা হয়েছে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী তার যাওয়া আটকাতে পারি আমরা।”
“তাকে এখানে রেখে দেওয়ার ইচ্ছা আছে আমাদের। কারণ, অলিম্পিকের সময়টা নতুন মৌসুমের সঙ্গে মিলে যায়।”

ইউভেন্তুসের হয়ে প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ২৩ গোল করেন দিবালা। সদ্য শেষ হওয়া মৌসুমে সেরি আ চ্যাম্পিয়দের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনিই।