২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের কাছে হারই গদিনের প্রেরণা

দুই বছর আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙার কষ্ট নিয়েই আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের মুখোমুখি হতে যাচ্ছে আতলেতিকো মাদ্রিদ। তবে সেদিনের সেই পরাজয়কেই এবার প্রেরণা হিসেবে দেখছেন দলটির ডিফেন্ডার দিয়েগো গদিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2016, 09:45 PM

Updated : 12 Apr 2022, 02:07 AM

উরুগুয়ের সেন্ট্রাল ডিফেন্ডারের গদিনের মতে, ২০১৪ আসরের ফাইনালের অভিজ্ঞতায় ভর করেই এবার এর পুনরাবৃত্তি এড়াতে পারবে আতলেতিকো।

২০১৪ সালের মে মাসে লিসবনের ফাইনালে প্রথমার্ধে গদিনের গোলে এগিয়ে যাওয়া আতলেতিকো ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু যোগ করা সময়ের শেষ মুহূর্তে সের্হিও রামোসের গোলে সমতায় ফেরে রিয়াল। পরে অতিরিক্ত সময়ে আরও তিনবার বল জালে জড়িয়ে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি।

আগামী শনিবার মিলানের সান সিরোয় নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ইউরোপ সেরার মঞ্চে আরেকবার প্রথম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে আতলেতিকো।

উয়েফাকে গদিন বলেন, “ফাইনালে গোল করাটা দারুণ, অবশ্যই-এটা ভালো গোল ছিল- কিন্তু শেষে আমরা শিরোপা তুলে ধরতে পারিনি। আর এটাই আসল বিষয়।”

“আমরা হেরেছিলাম, কিন্তু ওইরকম হার থেকে আপনাকে ইতিবাচক দিকগুলো নিতে হবে এবং শিখতে হবে কোথায় আপনার উন্নতি করতে হবে।”

“এখন আমরা আরেকটা ফাইনাল খেলব এবং সেই অভিজ্ঞতা থেকে নিশ্চিত করতে হবে যেন ওরকম আর না ঘটে।”

ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতায় এর আগে আরেকবার ফাইনালে উঠেছিল আতলেতিকো। কিন্তু ১৯৭৩-৭৪ মৌসুমের সেবারের শিরোপা নির্ধারণী ম্যাচেও প্রায় একইভাবে স্বপ্ন ভাঙে তাদের। বায়ার্ন মিউনিখের বিপক্ষে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল খেয়ে বসে স্পেনের দলটি। পরে রিপ্লে ম্যাচে ৪-০ গোলে জিতে যায় জার্মানির ক্লাবটি।