সালাউদ্দিনকে ‘ভালো কিছুর’ প্রতিশ্রুতি ক্রুইফের
জাতীয় দলের দায়িত্বে ফেরার পর শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে প্রথম সাক্ষাতে ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন লোডভিক ডি ক্রুইফ। তাজিকিস্তান ম্যাচের জন্য অনুশীলন করা মামুনুলদের ফিটনেস, দলের অবস্থাও ভালো বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের এই কোচ।
এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগের ম্যাচ খেলতে ২৯ মে মামুনুলদের তাজিকিস্তানের পথে রওনা দেওয়ার কথা রয়েছে।
বাফুফে ভবনে সালাউদ্দিনের সঙ্গে আলোচনা ‘খুবই ইতিবাচক’ জানিয়ে সাংবাদিকদের ক্রুইফ বলেন, “ফের সাক্ষাৎ হওয়ায় আমরা দুজনেই খুশি। দলের এই মুহূর্তের অবস্থা, আমরা কি করছি, অনুশীলন কেমন হচ্ছে, আমাদের কি লক্ষ্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।”
তাজিকিস্তানকে হারাতে না পারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সে ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জিততে হবে। ক্রুইফ তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ বের করে আনার ছকে আছেন।
“দেখি আমরা কি করতে পারি। তবে এই মুহূর্তে দলের যে অবস্থা, তাতে (তাজিকিস্তানের মাঠে) ড্র হলেও আমি খুশি হব এবং হোম ম্যাচে আমরা জয়ের জন্য নামব।”
তাজিকিস্তান ম্যাচের জন্য সালাউদ্দিন কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রুইফ জানান, চাপ মুক্ত থেকে প্রতিশ্রুতি পূরণ করতে চান তিনি। তবে সভাপতির কাছ থেকে ‘নতুন আইডিয়া’ পাওয়ার কথা জানান এই কোচ।
“কিছু বিষয়ে কিছু আইডিয়া তিনি দিয়েছেন। নতুন কিছু আইডিয়াও আছে এর মধ্যে। ফুটবলের অবকাঠামোর উন্নয়নে ভীষণ আগ্রহের কথাও তিনি বলেছেন আমাকে।”
তাজিকিস্তানের বিপক্ষে নামার আগে দুবাইয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাওয়ার কথা সালাউদ্দিনকে জনিয়েছেন ক্রুইফ।
“(প্রস্তুতি ম্যাচটা) এটা খুব গুরুত্বপূর্ণ। তাজিকিস্তানের বিপক্ষে খেলার আগে আমি শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইব। সেটা না হলেও কিছু নয়; আমরা আমাদের মতো চেষ্টা করব।”
ক্রুইফের সঙ্গে বৈঠক নিয়ে সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। ৪-৫ দিন ধরে দলকে অনুশীলন করাচ্ছে। টিমের অবস্থা কী, কী আমাদের পরিকল্পনা, এগুলো নিয়ে জানতে চেয়েছিলাম, সে আমাকে ব্রিফ করল।”
কোচের চাওয়া অনুযায়ী দুবাই হয়ে তাজিকিস্তান যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টাও চলছে বলে জানান সালাউদ্দিন।
নির্বাচনের পর সব কিছুই নতুন করে শুরুর কথা অতীতের মতো শনিবারও বললেন সালাউদ্দিন।
“নতুন নির্বাচন, নতুন কমিটি, সবকিছু নতুন। আজ আমি যেটা করেছি, সেটা হচ্ছে আজ আগের সব কমিটি বাতিল করেছি। ফাইন্যান্স কমিটি, পেশাদার লিগ, ইন্টারনাল অডিট আর ন্যাশনাল টিমস কমিটি –এই চারটা ছাড়া সবগুলো বাতিল করেছি।”
