২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় ফুটবলের পরিসংখ্যানে নতুন কিছু রেকর্ড

২০১৫-১৬ মৌসুমের রোমাঞ্চ ছড়ানো সব লড়াই শেষে লিগ শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ইউভেন্তুস, লেস্টার সিটি ও পিএসজি। ইউরোপের সেরা পাঁচ লিগে শিরোপা লড়াইয়ের পথে পরিসংখ্যানে যোগ হয়েছে বেশ কিছু রেকর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 06:04 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

১১২- ইউরোপের সব লিগের মধ্যে সবচেয়ে বেশি ১১২ গোল করেছে লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা। তিনটি ম্যাচে তারা জেতে ৬-০ ব্যবধানে আর লিগের শেষ দিকে দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে উড়িয়ে দেয় লুইস এনরিকের দল। দলের সর্বোচ্চ ৪০ গোল করেন লুইস সুয়ারেস।

২৭ হাজার ৩০২- ইউরোপের দলগুলোর মধ্যে পাস দেওয়ায় সবচেয়ে কার্যকর ছিল পিএসজি; সর্বোচ্চ (২৭ হাজার ৩০২)। ফরাসি লিগ চ্যাম্পিয়নদের ঠিক পাসের হারও (৮৯.৪%) পাঁচটি লিগের দলগুলোর মধ্যে সর্বোচ্চ। আর এটাই দলটিকে ৩০টি ম্যাচ জিততে এবং লিগ ওয়ানের ইতিহাসে রেকর্ড ৯৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।

২৪- এবারের লা লিগায় ২৪ ম্যাচে কোনো গোল না খেয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে আতলেতিকো মাদ্রিদ, যদিও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলতে তা যথেষ্ট ছিল না।

বায়ার্ন মিউনিখ ২০ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখে, অর্থাৎ আতলেতিকোর মতো তারাও মাত্র ১৪ ম্যাচে গোল খায়। শীর্ষ লিগগুলোর দলগুলোর মধ্যে এবার জার্মান চ্যাম্পিয়নরাই সবচেয়ে কম ১৭ গোল হজম করে। বুন্দেসলিগার ইতিহাসে যা এক আসরে সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড।

৮৩- লিগ ২ থেকে উঠে আসা ত্রোয়ার এবারের লিগ ওয়ান যাত্রাটা বিভীষিকার মতো কেটেছে। প্রথম ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে শুরু করা দলটি বাকি ম্যাচগুলোয় মোট ৮৩ গোল হজম করে। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত টানা ৭ ম্যাচ হারে তারা, তার মধ্যে পিএসজির কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। 

১০- সেরি আয় টানা পঞ্চম শিরোপা জয়ের পথে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা ১০ ম্যাচে কোনো গোল খায়নি ইউভেন্তুস, ইতালির শীর্ষ লিগে যা নতুন এক রেকর্ড।

১২- প্রিমিয়ার লিগের শেষ ১২ আসরে প্রথম দল হিসেবে আর্সেনাল জানুয়ারির শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেও শিরোপা জিততে পারেনি।

০- সেভিয়া পুরো আসরে কোনো অ্যাওয়ে ম্যাচেই জিততে পারেনি। লা লিগায় ২০০৩-০৪ মৌসুমে মুরসিয়ার পর এই প্রথম এই ঘটনা দেখা গেল।

৭১১- এবারের লিগে যথেষ্ট চেষ্টা করেও শিরোপা জিততে না পারা রিয়াল মাদ্রিদের ৭১১টি শট গোল বরাবর ছিল। ইউরোপের শীর্ষ লিগগুলোয় অন্য যে কোনো দলের চেয়ে এটি বেশি।

৮০ - সেরি আর ইতিহাসে এবারই প্রথম তিনটি দল ৮০ বা তার বেশি পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে।

৩৮- ইংলিশ প্রিমিয়ার লিগে বিস্ময় জাগিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লেস্টার সিটি। ১৯৭৭-৭৮ মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের শিরোপা জেতার ৩৮ বছর পর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন পেল।