২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে মোহামেডানের উড়ন্ত সূচনা

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে উড়ন্ত সূচনা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই দিনে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 10:55 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার আজাদ স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে গুঁড়িয়ে দেয় মোহামেডান। আর সোনালী ব্যাংক এসআরসির বিপক্ষে ওয়ান্ডারার্সের জয়টি ৭-৪ গোলের।

একপেশে ম্যাচে মোহামেডানের জয়ে সর্বোচ্চ চার গোল করেন তাসভার আব্বাস। ওমর ভুট্টো তিনটি এবং শহিদুল্লাহ টিটু, ইমরান হাসান, এএইচএম কামরুজ্জামান, সালমান সাদিক ও মোহাম্মদ সাকিল একটি করে গোল করেন।

দিনের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্সকে বেশ চ্যালেঞ্জের মুখেই ফেলা সোনালী ব্যাংক দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে পারেনি। ৫-৩ গোলে পিছিয়ে থাকা সোনালী ব্যাংক দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে।

ওয়ান্ডারার্সের বিশাল ও সারোয়ার মোর্শেদ দুটি করে গোল করেন। জয়ী দলের বাকি তিন গোলদাতা আল নাহিয়ান শুভ, হোসনে মোবারক ও মোহাম্মদ সজীব। সোনালী ব্যাংকের হয়ে প্রথমার্ধেই তিন গোল করেন রকি; দ্বিতীয়ার্ধে দলটির হয়ে একমাত্র গোলটি করেন ইরফান।