২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেনিতেসের সময়ে বাজে শুরুতে শিরোপা হাতছাড়া রিয়ালের’

রাফায়েল বেনিতেসের অধীনে মৌসুমের শুরুটা বাজে হওয়ার কারণেই রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জিততে ব্যর্থ হয়েছে বলে মনে করেন ক্লাবটির ডিফেন্ডার মার্সেলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 05:01 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে গত শনিবার দেপোর্তিভো লা করুনার মাঠে শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ম্যাচটি ২-০ ব্যবধানে জেতে তারা। তবে একই দিন একই সময়ে লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসে বার্সেলোনা।

শেষ নয় ম্যাচের আগে বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের শেষ রাউন্ড পর্যন্ত শিরোপা লড়াইয়ে থাকাকেই ভাগ্য মানছেন অনেকে। অনেকে আবার আঙুল তুলছেন বেনিতেসের সময়কার বাজে পারফরম্যান্সের দিকে। জানুয়ারিতে তাকে বরখাস্ত করে জিনেদিন জিদানকে কোচ করে রিয়াল।

মার্সেলো বলেন, “লিগ জেতা সব সময়ই খুব কঠিন। আমাদের শুরুটা বাজে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের শিরোপা জয়ের সুযোগ ছিল। আমরা অনেক উন্নতি করেছি এবং আমাদের এখনও একটি ফাইনাল আছে।”

মিলানের সান সিরোতে আগামী ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।

পুরনো খবর:

রিয়ালকে হতাশ করে চ্যাম্পিয়ন বার্সেলোনা
জিতেও হতাশায় শেষ রিয়ালের