২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা উঠল মামুনুল, সোহেলের

মামুনুল ইসলাম ও সোহেল রানার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 05:50 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির বৃহস্পতিবারের জরুরি সভায় এই দুই জনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া বাকি দুই ফুটবলার ইয়াসিন খান ও জাহিদ হোসেন এখনও ক্ষমা চেয়ে চিঠি না দেওয়ায় তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আওয়াল জানান, চিঠি পেলে ইয়াসিন ও জাহিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ক’দিন আগে বলেছিলেন, ক্ষমা চেয়ে নিষিদ্ধরা চিঠি দিলে তাদের ফেরানোর বিষয়টি বিবেচনা করা হবে। মামুনুল ও সোহেলের চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে কমিটি।

বৈঠকের পর তাবিথ সাংবাদিকদের জানান, “আমরা দুই জনের আবেদন পেয়েছি; তাদের ক্ষমা প্রার্থনার সুবাদে মিটিং কল করা হয়েছিল। মিটিংয়ে ওদের ভুলের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনার বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তাদেরকে চিঠি দেওয়া হবে এবং ওই চিঠিতে আগামীর জন্য সতর্কবার্তাও থাকবে।”

এএফসি কাপ খেলতে দেশের বাইরে যাওয়ায় ইয়াসিন ও অসুস্থ বাবার পাশে থাকা জাহিদ এখনও আবেদন করেননি। এই দুই জনের দলে ফেরা নিয়ে তাবিথ বলেন, “বাকি দুই জনের কথা বলতে পারছি না, যতক্ষণ না ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি, ততক্ষণ বলতে পারছি না। যখন পাব, তখন আমরা মিটিং ডাকব। আপনারা জানেন, এটি একটি চলমান প্রক্রিয়া।

ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। দেশের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে থেমে যায় মামুনুলদের পথ চলা। এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দেয়। গত মার্চে জাতীয় দল থেকে মামুনুল ও জাহিদকে এক বছরের জন্য এবং ইয়াসিন ও সোহেলকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

মামুনুলদের ছাড়াই এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের জন্য গত বুধবার থেকে অনুশীলন শুরু করে জাতীয় দল। প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিষেধাজ্ঞা উঠলেও ন্যাশনাল টিমস কমিটি এখনও এ দুজনকে ক্যাম্পে ডাকেনি।

অবশ্য ক্যাম্পে ডাক পেলেও দলে জায়গা পেতে হলে মামুনুল, সোহেলকে যোগ্যতা প্রমাণ করতে হবে বলে জানান তাবিথ। একই কথা বলেছেন জরুরি সভায় থাকা পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীও।

“তাজিকিস্তান ম্যাচের জন্য ন্যাশনাল টিমস কিমিটি তাদের (মামুনুল ও সোহেল) আবাসিক ক্যাম্পে ডাকবে। পরবর্তীতে তারা যদি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলে তাজিকিস্তানের বিপক্ষে আমাদের যে ম্যাচ আছে, সেখানে হয়ত খেলতে পারবে।”

পুরনো খবর:

মুক্তির স্বাদ মামুনুল, সোহেলের