মুক্তির স্বাদ মামুনুল, সোহেলের
জাতীয় দলে নিষিদ্ধ থাকার যন্ত্রণা থেকে মুক্তি পেলেন মামুনুল ইসলাম ও সোহেল রানা। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই দুই ফুটবলার জানালেন, জাতীয় দলে ফিরতে উন্মুখ হয়ে আছেন তারা।
মামুনুল ও সোহেল ক্ষমা চেয়ে করে চিঠি দেওয়ার পর বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ন্যাশনাল টিমস কমিটি।
শাস্তির খড়গ মাথার ওপর থেকে সরে যাওয়ার প্রতিক্রিয়ায় মিডফিল্ডার মামুনুল জানান, নতুন করে নিজেকে প্রমাণের ক্ষণ গুণছেন তিনি।
“স্বস্তির নিশ্বাস ছাড়লাম। গত তিন মাস ধরে যে কষ্টে ছিলাম, যে দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, সেগুলো থেকে মুক্তি পেলাম। একটা জায়গায় বদ্ধ হয়ে ছিলাম, সেখান থেকেও মুক্তি পেলাম। এখনও (জাতীয় দলে) ডাক পাইনি। তবে ডাক পেলে নিজেকে প্রমাণের নতুন চ্যালেঞ্জ নিয়ে সব কিছু শুরু করব।”
ছয় মাসের জন্য নিষিদ্ধ হওয়া সোহেল অনুভব করছেন মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার আনন্দ, “খবরটা শুনে খুবই ভালো লাগছে। ভালো লাগাটাও স্বাভাবিক। জাতীয় দলে ফেরার স্বস্তি অনুভব করছি। গত কিছুদিন মানসিকভাবে খুব চাপে ছিলাম।”
ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। দেশের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে থেমে যায় মামুনুলদের পথ চলা। এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দেয়। গত মার্চে জাতীয় দল থেকে মামুনুল ও জাহিদকে এক বছরের জন্য এবং ইয়াসিন ও সোহেলকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের প্রীতি ম্যাচ ও জর্ডানের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের ম্যাচে দেশের জার্সিতে খেলা হয়নি মামুনুল ও সোহেলের।
নিষিদ্ধ এই চার ফুটবলারকে ছাড়া গত বুধবার এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
