ওয়েস্ট হ্যামের মাঠে ইউনাইটেডের হার
রোমাঞ্চকর এক জয়ে আপটন পার্ককে বিদায় জানালো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি।
এই হারে ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নটা ফিকে হয়ে গেল। ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫।
চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেতে শেষ রাউন্ডে বোর্নমাউথকে অবশ্যই হারাতে হবে ইউনাইটেডের। সঙ্গে প্রার্থনা করতে হবে যেন সোয়ানসি সিটির কাছে ম্যানচেস্টার সিটি হারে।
প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। চতুর্থ স্থানের দলটিকে প্লে-অফ খেলে আসতে হবে।
লন্ডনে আপটন পার্কের বোলেইন গ্রাউন্ডে ১১২ বছরের রাজত্ব ছেড়ে আগামী মৌসুম থেকে অলিম্পিক স্টেডিয়াম হবে ওয়েস্ট হ্যামের ঘরের মাঠ। এত দিনের চেনা মাঠে বিদায়ী ম্যাচে দিয়াফরা সাকোর নৈপুণ্যে ওয়েস্ট হ্যামের শুরুটা হয় দারুণ। গোললাইনের কাছ থেকে আর্জেন্টিনার মিডফিল্ডার মানুয়েল লান্সিনির ব্যাক পাস পেয়ে প্রথম শটেই বল জালে জড়ান সেনেগালের এই ফরোয়ার্ড।
১৯তম মিনিটে ইউনাইটেডের রক্ষণের দুর্বলতায় ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ পেয়েছিলেন অ্যান্ডি ক্যারোল। বিনা বাধায় বল পায়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও মাথা ঠান্ডা রাখতে পারেননি এই ইংলিশ স্ট্রাইকার। তার সোজাসুজি শট সহজেই ঠেকিয়ে দেন দাভিদ দে হেয়া।
৭২তম মিনিটে মার্সিয়ালের দ্বিতীয় গোলে এগিয়ে যায় ইউনাইটেড। মাঝ মাঠের কাছ থেকে র্যাশফোর্ডের বাড়ানো বল ধরে বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরাসি ফরোয়ার্ড।
৭৬তম মিনিটে দিমিত্রি পায়েতের উঁচু করে বাড়ানো বলে হেডে সমতা ফেরান মিডফিল্ডার মিখাইল অ্যান্টোনিও। চার মিনিট পর ফরাসি ফরোয়ার্ড পায়েতের ক্রসে হেড করে ওয়েস্ট হ্যামকে আবার এগিয়ে নেন নিউ জিল্যান্ডের ডিফেন্ডার উইন্সটন রেইড।
