নাপোলির জয়ে হিগুয়াইনের গোল
গনসালো হিগুয়াইন ও হোসে কায়েহনের গোলে ইতালির সেরি আতে তোরিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে নাপোলি। অন্য ম্যাচে হেল্লাস ভেরোনার কাছে হেরে গেছে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা ইউভেন্তুস।
গত রোববার নাপোলি মাঠে নামার আগে কিয়েভোকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে গিয়েছিল এএস রোমা। চাপে ভেঙে না পড়ে তোরিনোর বিপক্ষে প্রথমার্ধেই ২ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নাপোলি।
দ্বাদশ মিনিটে নাপোলিকে এগিয়ে দেওয়া গোলটি করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হিগুয়াইন। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার এই নিয়ে ৩৩ গোল হলো।
আট মিনিট পর ব্যবধান ২-০ করেন স্পেনের ফরোয়ার্ড কায়েহন।
এই জয়ে আর এক ম্যাচ বাকি থাকতে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। তৃতীয় স্থানের দল রোমার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো দলটির।
সেরি আর শীর্ষ দুই দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে। তৃতীয় দলটিকে আসতে হবে প্রিলিমিনারি রাউন্ড খেলে।
রোববার হেল্লাস ভেরোনার মাঠে ২-১ গোলে হারে ৩ ম্যাচ হাতে রেখে টানা পঞ্চমবারের মতো সেরি আর শিরোপা জেতা ইউভেন্তুস।
সেরি আতে নিজের ৩৪৪তম এবং শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে হেল্লাসকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সী ইতালির সাবেক ফরোয়ার্ড লুকা তনি।
৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইতালির মিডফিল্ডার ফেদেরিকো ভিভিয়ানি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইউভেন্তুসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্দ্রোকে। এর দুই মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ইউভেন্তুসের হারের ব্যবধান কমান আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা।
গত ২৮ অক্টোবরের পর সেরি আতে এই প্রথম ম্যাচ হারা ইউভেন্তুসের পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৮। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়া দলটির সামনে এখন ইতালিয়ান কাপ জিতে ঘরোয়া ‘ডাবল’ জয়ের সুযোগ আছে। আগামী ২১ মে এসি মিলানের বিপক্ষে ইতালিয়ান কাপের ফাইনাল খেলবে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
গত শনিবার এম্পোলিকে হারানো ইন্টার মিলান ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা নিশ্চিত করেছে। রোববার পালের্মোর সঙ্গে গোলশূন্য ড্র করা ফিওরেন্তিনা ৬১ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। আর ফ্রোসিনোনেকে ১-০ গোলে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসা সাস্সুয়োলোর পয়েন্ট ৫৮।
সেরি আর চতুর্থ স্থানে থাকা দলটি সরাসরি খেলবে ইউরোপা লিগে। পঞ্চম দলটি ইউরোপা লিগের প্রিলিমিনারি রাউন্ড খেলবে। ষষ্ঠ দলটির প্রিলিমিনারি রাউন্ডে খেলা নির্ভর করবে ঘরোয়া কাপের ফলের উপর।
