সিটি-আর্সেনালের ড্রয়ের রাতে লিভারপুলের জয়
আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেছে আর্সেন ভেঙ্গারের দল।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দিনের অন্য ম্যাচে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।
ঘরের মাঠের এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলা নিয়ে শঙ্কার মধ্যে পড়লো সিটি। ৩৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পেল্লেগ্রিনির দল। ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সিটির চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। চতুর্থ স্থানের দলটিকে প্লে-অফ খেলে আসতে হবে।
তবে সিটি-আর্সেনাল ম্যাচটি ড্র হওয়ায় শীর্ষ তিনে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে টটেনহ্যাম হটস্পারের। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
ঘরের মাঠে অষ্টম মিনিটে এগিয়ে যায় সিটি। হেসুস নাভাসের ক্রসে ফের্নানদিনিয়ো হেড করে সের্হিও আগুয়েরোকে বাড়ান।আর্জেন্টিনার এই স্ট্রাইকার বল আলতো টোকায় একটু এগিয়ে নিয়ে মাটি কামড়ানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
এই গোলে এবারের লিগে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির জেমি ভার্ডির (২৪টি) পাশে বসলেন আগুয়েরো। ২৫ গোল নিয়ে সবার ওপরে টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন।
২৪তম মিনিটে চোটের কারণে ড্যানি ওয়েলবেক মাঠ ছাড়লে আর্সেনালের আক্রমণের ধার কমে। বদলি নামা জ্যাক উইলশায়ার নিজেকে মেলে ধরতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্নানদিনিয়োর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৫১তম মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে স্কোরলাইন ২-১ করে নেয় স্বাগতিকরা। বেলজিয়ামের এই ফরোয়ার্ডকে আক্রমণে যাওয়ার সুযোগটা দেন আর্সেনালের ডিফেন্ডাররা। বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে গতিময় শটে পেতর চেককে পরাস্ত করেন ব্রুইন।
৬৭তম মিনিটে আর্সেনালের সমতায় ফেরার সুবর্ণ সুযোগটি নষ্ট হয় থিও ওয়ালকটের ব্যর্থতায়। জিরুদের রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে সিটি গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।
জয়ে পথে ফিরতে মরিয়া সিটি একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি। ৭৭তম মিনিটে ডি ব্রুইনের ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান চেক। এরপর ডি ব্রুইনের গড়ে দেওয়া দুটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আগুয়েরো।
৮৭তম মিনিটে কোত দি ভোয়ার ফরোয়ার্ড উইলফ্রেদ বোনির ভলি ওপরের পোস্টে লেগে ফিরলে সমতায় শেষ হয় লিগের দুই বড় দলের উত্তেজনায় ভরা দ্বৈরথ।
একই রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ৩৫তম মিনিটে জো অ্যালেনের গোলে এগিয়ে যায় লিভারপুল। আর ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো ফিরমিনো। ব্রাজিলের এই ফরোয়ার্ডের কোনাকুনি শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি ওয়াটফোর্ড গোলরক্ষক।
ওয়াটফোর্ডের বিপক্ষে পাওয়া জয়ের পর ৩৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল।
