২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ মামুনুলদের ফেরানোর ইঙ্গিত বাফুফের

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হওয়া চার ফুটবলারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা জেগেছে। মামুনুলদের ফেরানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তবে ক্ষমা চাওয়ার শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 07:08 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

নির্বাচনের পর শনিবার নতুন কমিটির প্রথম সভায় ‘আলোচিত’ সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফকে ফেরানোর চমকপ্রদ সিদ্ধান্ত জানানোর পর নিষিদ্ধ চার ফুটবলার নিয়ে কথা বলেন নাবিল।

“সভাপতির সঙ্গে কথা হয়েছে, তারা (নিষিদ্ধরা) যদি সদিচ্ছা পোষণ করেন, ক্ষমা প্রার্থনা করেন, তাহলে দলে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।”

গত মার্চে শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন মামুনুল ইসলাম ও জাহিদ হোসেন। এ ছাড়া ইয়াসিন খান ও সোহেল রানাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

অভিযুক্ত সাত ফুটবলারের মধ্যে বাকি তিন জন শহিদুল ইসলাম সোহেল, ইয়ামিন মুন্না ও আতিকুর রহমান মিশুকে সতর্ক করে দেয় ন্যাশনাল টিমস কমিটি।

ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। দেশের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে থেমে যায় মামুনুলদের পথ চলা।

এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দেয়। পরে তাদের নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞা কাটলে দ্রুতই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ মিলতে পারে মামুনুলদের। এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে আগামী ২ জুন বিশকেকে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

তাজিকিস্তানকে হারাতে না পারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সে ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে হবে বাংলাদেশকে।