‘আলোচিত’ ক্রুইফ-ই ফিরছেন বাংলাদেশ ফুটবলে
নির্বাচনের পর প্রথম সভায় চমকপ্রদ এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের কোচের পদে ‘আলোচিত ও বিতর্কিত’ সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির ন্যাশনাল টিমস কমিটি।
শনিবার সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ক্রুইফকে এক মাসের জন্য কোচ করে আনার কথা সাংবাদিকদের জানান।
“২০১৯ সালের এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ দিকটাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সাবেক কোচ ক্রুইফকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
“সাম্প্রতিক সময়ে দলের যে হতাশাজনক পারফরম্যান্স, ক্রুইফ আসলে, ১৫-২০ দিন ক্যাম্প করতে পারলে আমরা আশা করি, ফল ভালোর দিকে যাবে”, যোগ করেন তিনি।
এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য জাতীয় দলকে প্রস্তুত করতে ক্রুইফ আগামী ১০ বা ১২ মে বাংলাদেশে আসতে পারেন বলে জানান নাবিল।
তাজিকিস্তানকে হারাতে না পারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সে ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।
২০১৩ সালের জুলাইয়ে অনেক ঘটা করে ক্রুইফকে কোচ করে এনেছিল বাফুফে। দায়িত্বে থাকাকালীন বকেয়া বেতন বিতর্ক, কর্মকর্তাদের সম্পর্কে গণমাধ্যমে বিভিন্ন অভিযোগ-অনুযোগ, হুটহাট দেশে চলে যাওয়া-এমন অনেক কারণে নেদারল্যান্ডসের এই কোচ আলোচনায় আসেন একাধিকবার। পরে গত বছর সেপ্টেম্বরে ক্রুইফকে বিদায় করে দেয় বাফুফে।
সেই থেকে বেকার থাকা ক্রুইফকে আপাতত এক মাসের জন্য আনছে বাফুফে। অনেক তিক্ততার পর ছাঁটাই করা কোচকে ফিরিয়ে আনা প্রসঙ্গে নাবিল টেনেছেন এশিয়ান কাপের প্লে-অফ ম্যাচের জন্য বেশি সময় না পাওয়ার কথা।
“সে পরীক্ষিত লোক; খেলোয়াড়দের সম্পর্কে যার ধারণা আছে, চেনে, কমান্ড আছে, বাংলাদেশের ফুটবল সম্পর্কে যার ধারণা আছে, আমাদের মাঠ এবং আবহাওয়ার সঙ্গে যার খাপ খাওয়ানো আছে। নতুন কোনো লোক আনলে তার এক মাস চলে যাবে এগুলো বুঝতে। ফলে যে কারণে আমরা কোচ নিয়ে আসছি, তা সম্পূর্ণ বৃথা যাবে।”
ক্রুইফকে বিদায় করে দেওয়ার পর দলের দায়িত্ব ইতালিয়ান কোচ ফাবিও লোপেজের হাতে তুলে দেয় বাফুফে। কৌশল আর খেলোয়াড়দের পজিশন বদল নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করে বিতর্ক জন্ম দেওয়া লোপেজও পড়ে যান বাতিলের খাতায়।
এরপর জাতীয় দলের কোচ হন মারুফুল হক। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে ব্যর্থতার পর বঙ্গবন্ধু গোল্ড কাপেও দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় মারুফুলকে বিদায় করে স্পেনের কোচ গনসালো সানচেস মরেনোর হাতে দেওয়া হয় দায়িত্ব।
মরেনো প্রত্যাশিত সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় কোচের খোঁজে ছিল বাফুফে। শেষ পর্যন্ত যার সঙ্গে তিক্ততা দিয়ে শেষ, সেই ক্রুইফকে নিয়েই নতুন শুরুর স্বপ্ন দেখছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
