'আর হোঁচট খাওয়া চলবে না বার্সার'
নিজেদের বাকি তিনটি ম্যাচ জিতলেই শিরোপা ধরে রাখবে বার্সেলোনা, অন্য কারও ওপর নির্ভর করতে হবে না। কোচ লুইস এনরিকে তাই শিষ্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, আর হোঁচট খাওয়া চলবে না।
লুইস সুয়ারেসের চার গোলে নিজেদের মাঠে গত শনিবার স্পোর্তিং গিহনকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। একই দিন জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপা লড়াইয়ে কাতালান ক্লাবটির দুই প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।
৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮১।
বার্সেলোনার শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে ম্যাচ শেষে কোচ এনরিকে বলেন, “ঘরের মাঠে একটি আর প্রতিপক্ষের মাঠে দুটি ম্যাচ বাকি আছে আমাদের। এটা ইতিবাচকই মনে হয়। আমাদের এখন আর (পয়েন্টের) সুবিধা নেই। কিন্তু আমি মনে করি, আমরা তিনটি ম্যাচের কোনোটিতে ব্যর্থ হবো না।”
লা লিগার শেষে রিয়াল বা আতলেতিকোর সঙ্গে পয়েন্ট সমান থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা জিতবে বার্সেলোনাই।
লা লিগায় টানা তিনটি ম্যাচ হারার পর গত বুধবার দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে হারায় বার্সেলোনা। ছন্দ ফিরে পেলেও শিষ্যদের সতর্ক করে দিয়ে এনরিকে বলেন, তাদের সামনে ন্যূনতম ভুলের সুযোগ নেই।
“তিন দলের মধ্যে আমরা এখন সবচেয়ে ভালো অবস্থায় আছি। কিন্তু আমাদের আর হোঁচট খাওয়া চলবে না।”
