২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়া সুয়ারেসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা

প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা দুই ম্যাচে চার গোল করার ইতিহাস গড়া লুইস সুয়ারেস জানিয়েছেন, পিচিচি ট্রফি নয়, শিরোপা জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 03:25 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

পুরনো খবর:

নেইমার কখনোই হাল ছাড়ে না: এনরিকে
দুর্দান্ত জয়ে আবার শীর্ষে বার্সা

নিজেদের মাঠ কাম্প নউয়ে গত শনিবার স্পোর্তিং গিহনের বিপক্ষে বার্সেলোনার ৬-০ ব্যবধানের জয়ে সুয়ারেস একাই করেন চার গোল। এর আগে গত বুধবার তার চার গোলেই দেপোর্তিভো লা করুনাকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দেয় কাতালান ক্লাবটি।

ক্রিস্তিয়ানো রোনালদোকে (৩১ গোল) ছাড়িয়ে চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ ৩৪ গোল করে পিচিচি ট্রফি জয়ে এগিয়ে গেছেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস।

ম্যাচ শেষে সুয়ারেস জানান, তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যের গুরুত্বই বেশি।

“তিন দিনের মধ্যে আট গোল করে আমি বিস্মিত। আমি দলকে সাহায্য করতে চাই। প্রথমার্ধটা কঠিন ছিল।”

"(লা লিগার) সর্বোচ্চ গোলদাতা হওয়া আমার লক্ষ্য। এটা হলে আমি স্বাগতই জানাব। তবে লিগ জয় আগে।”

স্পোর্তিংয়ের বিপক্ষে সুয়ারেস তার চার গোলের দুটিই করেন পেনাল্টি থেকে। ম্যাচে তিনটি পেনাল্টি পায় বার্সেলোনা; তৃতীয় পেনাল্টিটি নেন নেইমার।

সুয়ারেস বলেন, “অন্য কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস, যেটা সবাই অনুভব করে আর দলকে সাহায্য করে। এতে (নেইমারকে পেনাল্টি নিতে দেওয়াটা) আমাদের সবারই ভালো হবে।”

স্পোর্তিংয়ের জালে গোল-উৎসবের শুরু করেন লিওনেল মেসি। ম্যাচ শেষে দলের সবচেয়ে বড় তারকাকে প্রশংসায় ভাসান এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজের গোলসংখ্যা ৫৩তে নিয়ে যাওয়া সুয়ারেস।

“সে এমন একজন, যে দলকে নিয়ন্ত্রণ করে। সে যখন তীক্ষ্ণ থাকে, দল তখন আনন্দিত থাকে।”