ঘরের মাঠে আতলেতিকোর কষ্টের জয়
মালাগাকে নিজেদের মাঠে কষ্টে হারিয়ে লা লিগার শিরোপা লড়াই জমিয়ে রেখেছে আতলেতিকো মাদ্রিদ।
১-০ গোলের এই জয়ে দুই ঘণ্টা আগে শীর্ষে ওঠা রিয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষে উঠেছিল দিয়েগো সিমেওনের দল। তবে পরের ম্যাচেই স্পোর্তিং গিহনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে বার্সেলোনা।
ভিসেন্তে কালদেরনে শনিবার আতলেতিকোর জয়ের নায়ক আনহেল কোরেয়া। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন তিনি।
ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেললেও মালাগার জমাট রক্ষণে সুবিধা করতে পারছিল না ফের্নান্দো তরেস-অঁতোয়ান গ্রিজমানরা। প্রথম ৫৫ মিনিটে গোলের প্রচেষ্টায় মোট ৮টি শট নেয় তারা, কিন্তু সাফল্য অধরাই থেকে যায়।
আক্রমণ আরও বাড়াতে কোচ সিমেওনে ৫৭তম মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাসকোকে বসিয়ে মাঠে নামান আনহেল কোরেয়াকে। মাঠে নামার তিন মিনিটের মাথায়ই দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
এই নিয়ে এবারের লা লিগায় বদলি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৫টি গোল করলেন কোরেয়া।
ম্যাচের বাকি সময়েও মালাগার রক্ষণে চাপ ধরে রেখে আক্রমণ করে যায় আতলেতিকো। ব্যবধান আর বাড়াতে না পারলেও প্রয়োজনীয় ৩ পয়েন্ট নিয়ে স্বস্তিতেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দিনের প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোর মাঠে প্রথমে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জিতে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে লিগের ৩৫তম রাউন্ডে শেষ হাসি হাসল বার্সেলোনাই।
আর তিনটি করে ম্যাচ বাকি থাকতে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট সমান ৮২। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লুইস এনরিকের দল। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮১।
