ভায়েকানোর বিপক্ষে রোনালদোকে খেলাবেন না জিদান
ঊরুর পেশির চোট থাকার পরও রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে চাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তারকা এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বলে লা লিগার ম্যাচটিতে তাকে খেলাবেন না বলে জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
গত বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ঊরুর পেছন দিক চেপে ধরে মাঠ ছাড়েন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
ম্যাচ শেষে রিয়ালের কোচ জিনেদিন জিদান বলেছিলেন, চোট তেমন গুরুতর নয়। আর গত বৃহস্পতিবার রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টগ্রামে ‘সব ভালো’ বলে জানিয়েছিলেন।
তবে শুক্রবার রিয়াল এক বিবৃতিতে জানায়, মেডিক্যাল পরীক্ষার পর রোনালদোর ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়ে। তারকা এই ফরোয়ার্ডের সেরে উঠতে কতদিন লাগবে তা অবশ্য জানায়নি ক্লাবটি।
জিদান বলেন, “ক্রিস্তিয়ানোকে খেলানো বড় ঝুঁকি হতে পারে। সে জানে যে, মঙ্গলবার (চ্যাম্পিয়ন্সস লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের জন্য) তাকে প্রস্তুত করে তোলাই আমাদের লক্ষ্য।”
