‘বার্সার শিরোপা-ভাগ্য নিজেদের হাতেই’
দেপোর্তিভো লা করুনাকে বড় ব্যবধানে হারিয়ে ছন্দ ফিরে পাওয়া বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের ভাগ্য এখনও নিজেদের হাতে আছে বলে মনে করেন কাতালান ক্লাবটির তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস।
কয়েক সপ্তাহ আগে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে সহজেই লিগ জয়ের স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু লুইস এনরিকের দলের টানা তিন ম্যাচ হেরে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাদের সঙ্গে পয়েন্ট সমান করে ফেলে আতলেতিকো মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও পয়েন্টের ব্যবধান কমিয়ে ১ করে ফেলে।
তবে নিজেদের মাঠে গত বুধবার সুয়ারেসের চার গোলে দেপোর্তিভোকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা।
সুয়ারেস বলেন, “আমরা জানি, এটা (শিরোপা-ভাগ্য) আমাদের নিজেদের হাতে। আর আমাদের মনে রাখতে হবে, শেষ চার ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবো আমরা।”
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ায় টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে বার্সেলোনার। তবে ঘরোয়া ফুটবলে ‘ডাবল’ জয়ের আশা ছাড়ছে না দলটি।
“আমরা লিগের শীর্ষে আছি। আর আমরা সচেতন যে, আমরা চ্যাম্পিয়নশিপ জিততে পারি। আমরা এর বাইরে কিছু বিবেচনা করছি না…ডাবল (লিগ ও কোপা দেল রে) জয়ও দারুণ হবে-এটা অসাধারণ এক চ্যালেঞ্জ।”
