রোনালদোর চোট নিয়ে শঙ্কা নেই জিদানের
ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে বার্সেলোনার ঠিক পেছনে থাকতে পারার স্বস্তির ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য অস্বস্তি নিয়ে এসেছিল শেষ মুহূর্তে ক্রিস্তিয়ানো রোনালদোর খুঁড়িয়ে মাঠ ছাড়া। তবে তারকা এই ফরোয়ার্ডের চোটের শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্পেনের সফলতম ক্লাবটির কোচ জিনেদিন জিদান।
করিম বেনজেমা, লুকাস ভাসকেস ও লুকা মদ্রিচের গোলে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে গত বুধবার ভিয়ারিয়ালকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল।
এই জয়ের পর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা আর দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে আছে জিদানের দল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ঊরুর পেছন দিক চেপে ধরে মাঠ ছাড়েন রোনালদো। তিনজন খেলোয়াড়ই বদলি করে ফেলায় শেষ সময়টুকু ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে।
ম্যাচ শেষে জিদান বলেন, “ক্রিস্তিয়ানো শেষ মুহূর্তে কিছু একটা অনুভব করেছে। সে বের হয়ে যায়। কারণ, সে জানতে চেয়েছিল এটা কী। অন্য কিছুর চেয়ে এটাতে মনে হয় ভয়ই বেশি ছিল।”
“আমাদের আগামীকাল (বৃহস্পতিবার) দেখতে হবে। কিন্তু আমি এখন স্বস্তিতে আছি। আমরা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু ড্রেসিং রুমে তাকে দেখে উদ্বেগ কমে যায় আমার।”
গত শনিবার লা লিগায় গেতাফের বিপক্ষে ৫-১ গোলে জয় পাওয়ার পর রিয়ালের কোচ জিদান বলেছিলেন, রোনালদোকে বিশ্রাম দেওয়ার কোনো ইচ্ছা নেই তার। তবে চোটের এই শঙ্কার পর সুর পাল্টেছেন তিনি।
“ক্রিস্তিয়ানো রোনালদোর মতো একজন খেলোয়াড়ের কখনও কখনও বিশ্রাম নেওয়া উচিত, কখনও কখনও ম্যাচ শেষ করার দরকার নেই অথবা বাইরে বসে থাকবে। কিন্তু সে সব সময়ই মাঠে থাকতে চায়।”
“কখনও কখনও আমার জন্য এটা দেখা কঠিন। এই যেমন আজ যখন তাকে মাঠ ছেড়ে আসতে দেখি। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে। আমরা দেখব, সে কখন ফেরে।”
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে জিদান বলেন, “দল আজ প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত অসাধারণ ছিল। আমরা অনেক বল কেড়ে নিয়েছি, ভালো আক্রমণ করেছি, অনেক সুযোগ তৈরি করেছি, রক্ষণে প্রায় নিখুঁত ছিলাম। খেলোয়াড়দের মনোভাবে আমি খুব খুশি।”
