২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের গোলের ‘শতক’

লা লিগায় ৩৪তম রাউন্ডে ১০০ গোলের মাইলফলক ছাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারানোর ম্যাচে এই কীর্তি গড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 06:10 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে করিম বেনজেমা ও লুকাস ভাসকেসের গোলে শতক স্পর্শ করে রিয়াল। পরে লুকা মদ্রিচের গোলে সংখ্যাটা ১০১-এ নিয়ে যায় তারা।

এই নিয়ে টানা সপ্তমবার দারুণ এই কীর্তি গড়ল ইউরোপের সফলতম ক্লাবটি। নিজেদের ইতিহাসে মোট আটবার লিগের এক আসরে ১০০ বা তার বেশি গোল করেছে রিয়াল।

এ মৌসুমে লিগে ঘরের মাঠে রিয়াল গোল করেছে মোট ৬৭টি আর প্রতিপক্ষের মাঠে করেছে ৩৪ গোল। গত ডিসেম্বরে রায়ো ভায়েকানোর বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছিল মাদ্রিদের ক্লাবটি; নিজেদের মাঠে ম্যাচটি ১০-২ ব্যবধানে জিতেছিল তারা।

এবারের আসরে প্রথম দল হিসেবে গোলের শতক করল রিয়াল। দ্বিতীয় সর্বোচ্চ ৯৬টি গোল করেছে বার্সেলোনা।

৩৪ ম্যাচে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট সমান ৭৯; তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে লুইস এনরিকের দল। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।