মুলারের জোড়া গোলে কাপের ফাইনালে বায়ার্ন
চলতি মৌসুমে ত্রিমুকুট পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা বায়ার্ন মিউনিখ। টমাস মুলারের জোড়া গোলে ভের্ডার ব্রেমেনকে ২-০ ব্যবধানে হারিয়ে জার্মান কাপের ফাইনালে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।
নিজেদের মাঠে গত মঙ্গলবার ৩০তম মিনিটে হেড থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন মুলার। ৭১তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে করেন তিনি।
বায়ার্নের বদলি খেলোয়াড় আর্তুরো ভিদাল বক্সের মধ্যে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, চিলির এই মিডফিল্ডার আসলে ডাইভ দেন; তার পাহারায় থাকা ভের্ডারের লেফট-ব্যাক ইয়ানেক স্টার্নবার্গের সঙ্গে তার ছোঁয়াই লাগেনি।
জার্মানির বুন্দেসলিগায় ৩০ রাউন্ড শেষে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন আগামী বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচ খেলতে নামবে।
