দুবাইয়ে রাকিবের ড্র, মিনহাজের জয়
দুবাই ওপেন দাবার অষ্টম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন জয় পেয়েছেন।
সোমবার রাতে ফিলিপাইনের টাবাদা জাবোন্নিকে হারান বাংলাদেশের ঘরোয়া দাবার বর্তমান চ্যাম্পিয়ন মিনহাজ। এই জয়ের পর সাড়ে ৪ পয়েন্ট তার।
গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব অষ্টম রাউন্ডে রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার কান্তার এদুয়ার্দের সঙ্গে ড্র করেন। রাকিবের পয়েন্টও সাড়ে ৪।
বাংলাদেশের অন্য গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার প্রত্যুষা বোদ্দার কাছে হেরে যান। আট রাউন্ড শেষে রাজীবের পয়েন্ট ৪।
৩৭টি দেশের ৪৬ জন গ্র্যান্ডমাস্টার, ৮ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ৩৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫ জন খেলোয়াড় দুবাই ওপেনের এবারের আসরে অংশ নিচ্ছে।
