২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর কোচ হচ্ছেন ক্রোয়েশিয়ার মামিচ

কথা মোটামুটি পাকাপাকি; চুক্তিটাই কেবল বাকি। তবে আবাহনী লিমিটেডের টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ইঙ্গিত দিয়েছেন, ক্রোয়েশিয়ার দ্রাগো মামিচই হতে যাচ্ছেন দলের পরবর্তী কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 06:16 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

দুই পক্ষের মধ্যে কথা চলছিল গত কয়েক মাস ধরে। সমঝোতায় পৌঁছানো মোটামুটি নিশ্চিত হওয়ায় রোববার সকালে বাংলাদেশে এসেছেন মামিচ। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ দুপুরেই চলে আসেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ও আরামবাগ ক্রীড়া চক্রের স্বাধীনতা কাপের ম্যাচ দেখতে।

ম্যাচের ফাঁকেই সাংবাদিকদের কাছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল, আবাহনী সম্পর্কে জানাশোনা নিয়ে কথা বলেন সর্বশেষ মালদ্বীপের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা মামিচ।

“তারা কোচের সন্ধানে ছিল, বিশেষ করে বিদেশি কোচ। আমিও আবেদন করেছিলাম। তারা আমাকে পছন্দ করেছে। সব দলই চ্যাম্পিয়ন হতে চায়; অফিসিয়ালদের চাওয়াটাও সেটা। আবাহনীর কিছু তথ্য পেয়েছি। দলটাতে জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে।”

মালদ্বীপের আগে মিয়ানমারের জাতীয় দলেরও কোচ ছিলেন মামিচ। চীন ও ইন্দোনেশিয়ায় ক্লাবের দ্বায়িত্বে ছিলেন তিনি। এশিয়াতে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতার কারণেই বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন হবে না বলে মনে করেন তিনি।

“আমিও এশিয়াতে ১৫-১৬ বছর আছি। আশা করি, এখানকার পরিবেশ এবং বাংলাদেশের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারব।”

২০১১-১২ মৌসুমে সর্বশেষ আবাহনীর লিগ শিরোপা জয়ের খবরটাও জানা মামিচের। লি টাক, কামারা সাররা, সানডে চিজোবাদের মতো ভালো মানের বিদেশিদের নিয়ে আবাহনীর দল গোছানোর বিষয়টিও জানেন তিনি।

তবে দায়িত্ব বুঝে নেওয়া নিয়ে ক্রোয়েশিয়ার এই কোচ বললেন, “আমি এখনও চুক্তিতে সই করিনি। সকালেই এসেছি।”

আবহনীর টিম ম্যানেজার রুপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামিচকে রেখে দেওয়ার ইঙ্গিতই দিয়েছেন। ক্রোয়েশিয়ার এই কোচের কাছে ভালো কিছুর প্রত্যাশা আছে বলেও জানান তিনি।

“চুক্তির মেয়াদ ঠিক করা হয়নি। যতদিন খেলা চলে ততদিন রাখার ইচ্ছা। প্রত্যাশা তো এটাই যে শক্তিশালী দল করার পর তা পরিচালনা করার জন্য আমাদের একজন ভালো কোচের প্রয়োজন ছিল। মামিচ এসেছেন। আমি আশাবাদী, তিনি তার দায়িত্ব পালন করবেন, দলটাকে সঠিকভাবে পরিচালনা করবেন।”