পিএসজির জয়ে ইব্রাহিমোভিচের জোড়া গোল
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার ধাক্কা সামলে জ্লাতান ইব্রাহিমোভচের জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে ক্যঁকে ৬-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।
নিজেদের মাঠে গত শনিবার ম্যাচের দ্বাদশ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড ব্লেইস মাতুইদি।
দ্বিতীয়ার্ধের গোড়ার দিকে স্কোরলাইন ৩-০ করেন উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানি। ৫২তম মিনিটে স্কোরশিটে নাম লেখান আর্জেন্টিনার উইঙ্গার আনহেল দি মারিয়া।
৫৬তম মিনিটে সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ চলতি মৌসুমে লিগে তার ৩২তম গোল করে ব্যবধান ৫-০ করেন। ২০ মিনিট পর পিএসজির ষষ্ঠ গোলটি করেন ব্রাজিলের ডিফেন্ডার মাক্সওয়েল।
১৯৭৭-৭৮ মৌসুমে আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস বিয়ানচির ৩৭ গোলের পর প্রথম খেলোয়াড় হিসেবে ফ্রান্সের শীর্ষ লিগে এক মৌসুমে ৩০টির বেশি গোল করার কীর্তি গড়লেন ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ। আর পিএসজি চলতি মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বড় জয় তুলে নিল।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট হলো এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজির।
গত মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে শেষ আটের দ্বিতীয় পর্বে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে পিএসজি। নিজেদের মাঠে প্রথম পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছিল লরাঁ ব্লাঁর দল।
