বার্সা এখনও সেরা দলই আছে: এনরিকে
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সেলোনা এখনও সেরা দলই আছে বলে দাবি করেছেন লুইস এনরিকে। আর এর প্রমাণ দিতে দলকে ঐক্যবদ্ধভাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়াতে হবে বলে মনে করেন কাতালান ক্লাবটির কোচ।
গত বুধবার শেষ আটের দ্বিতীয় পর্বে আতলেতিকোর কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় বার্সেলোনা। নিজেদের মাঠে প্রথম পর্বের ম্যাচটি ২-১ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি।
লিগে সবশেষ তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ আর আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে।
আগামী রোববার নিজেদের মাঠে ভালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগের দিন এনরিকে বলেন, “অবশ্যই তারা একটি হতাশা বয়ে বেড়াচ্ছে এবং এটা হজম করা কঠিন। কিন্তু আমরা পেশাদার।”
“মৌসুম শেষ হতে আরও ৬ ম্যাচ আছে। আর আছে একটি কাপ ফাইনাল। আমি কখনোই ভাবিনি, আমরা সবকিছুই ঠিক করেছি। আর আমরা একটা ধাক্কা খেয়েছি বলে আমি এও বলব না, আমরা সব কিছু ভুল করেছি। আমাদের আশাবাদী থাকতে হবে।”
যা হয়েছে তা নিয়ে আক্ষেপ না করে সামনে এগিয়ে যেতে চান এনরিকে।
“আমরা আমাদের লক্ষ্য খুব উঁচুতে নির্ধারণ করি, বিশ্বে অন্য যে কোনো ক্লাবের চেয়ে উঁচুতে। সব শিরোপা জয়ের জন্য এটা নিজেদের ধার্য করা দায়। কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স লিগের বিষয়টি ভুলে যেতে হবে। কারণ, এখন এ নিয়ে আমরা আর কিছু করতে পারব না।”
“আমি মনে করি না, লা লিগায় বার্সার চেয়ে কোনো ভালো দল আছে। কিন্তু লিগ নিয়ে সমস্যা হচ্ছে, এর পুরোটাই ধারবাহিকতার উপর নির্ভর করে। আমি এই দলকে হয়ত অন্য কোনোটার সঙ্গে পরিবর্তন করব না। তাই দেখি, আমরা এই বাজে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি কিনা।”
আপাতত শুধু ভালেন্সিয়া ম্যাচ নিয়ে ভাবছেন বলে জানান এনরিকে।
“আমাদের সংহতি ধরে রাখতে হবে। সব দিক থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
