‘রিয়াল সব সময়ই ফেভারিট’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে নিজের দলকেই ফেভারিট মনে করছেন জিনেদিন জিদান। তবে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে হালকাভাবে না নেওয়ার কথাও জানান রিয়াল মাদ্রিদের এই কোচ।
শুক্রবার নিয়নে সেরা চারের ড্র অনুষ্ঠিত হয়। ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল ও সিটি, বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে।
ড্রয়ের পর জিদান বলেন, “মাদ্রিদ সবসময়ই ফেভারিট এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালও তার ব্যতিক্রম নয়।”
“তবে সিটি দারুণ একটি দল। আমি শুনতে চাই না, লোকে বলুক, সিটি সহজ প্রতিপক্ষ হবে। লোকে এটাও বলেছিল, ভলফসবুর্গ শক্তিশালী ছিল না এবং আমরা দেখেছি কি ঘটেছিল।”
কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে ভলফসবুর্গের মাঠে ২-০ গোলে হারে রিয়াল। তবে ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে জার্মানির দলটিকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে ওঠে প্রতিযোগিতাটির রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন দলটি।
ভলফসবুর্গের ম্যাচের প্রসঙ্গ টেনে সিটিকে তাই সমীহ করছেন জিদান।
“রোমা এবং ভলফসবুর্গ যেমন কঠিন প্রতিপক্ষ ছিল, সিটিকে আমি তেমন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখি।”
ড্রটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলেও মনে করেন রিয়াল মাদ্রিদের এই কোচ। আগামী ২৬ এপ্রিল প্রথম লেগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
