মুসার হ্যাটট্রিকে সেমির দৌড়ে থাকল মুক্তিযোদ্ধা
স্বাধীনতা কাপের চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক উপহার দিলেন নাইজেরিয়ার ফরোয়ার্ড আহমেদ কোলো মুসা। উত্তর বারিধারা ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকল তার দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব প্রথম ও চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় স্থানে আছে।
স্বাধীনতা কাপে নিজেদের পাঁচটি ম্যাচেই হারল উত্তর বারিধারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম খেলায় তৌহিদুল আলম ও মুসার দারুণ বোঝাপড়ায় প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধা। সপ্তদশ মিনিটে তৌহিদুলের বাড়ানো বলে হেড করে দলকে এগিয়ে দেন মুসা।
৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে মুসার সুযোগ সন্ধানী শট থেকে। এবারও তৌহিদের লম্বা করে বাড়ানো বল হেড করে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি উত্তর বারিধারার ডিফেন্ডার সিলা মোহামেদ; গোলরক্ষক মোহাম্মদ রাজীবও বল গ্লাভসবন্দি করতে পারেননি। সুযোগ সন্ধানী শটে স্কোরলাইন ২-০ করেন মুসা।
মুসার হ্যাটট্রিকে ৩ পয়েন্ট পাওয়া অনেকটাই নিশ্চিত করে প্রতিযোগিতাটির ২০০৫ সালের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা। ৫৫তম মিনিটে ডান দিক থেকে মোবারক হোসেনের নীচু ক্রসে তৌহিদের নেওয়া শট ফেরান রাজীব; ফিরতি বল আলতো টোকায় ঠিকানায় পৌঁছে দেন মুসা।
স্বাধীনতা কাপের চলতি আসরে আগের দুটি হ্যাটট্রিক করেন শেখ জামালের ওয়েডসেন আনসেলমে ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ফিকরু জেইদা।
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে শেষ দিকে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় মুক্তিযোদ্ধা। কিন্তু বদলি শ্যামল আহমেদ রনি গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।
