লেস্টারেই ক্যারিয়ার শেষ করার আশা রানিয়েরির
প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পথে থাকা লেস্টার সিটিতেই কোচিং ক্যারিয়ার শেষ করতে চান ক্লাওদিও রানিয়েরি। এমনকি নিজের দেশের জাতীয় দলের প্রস্তাব পেলেও আগ্রহ দেখাবেন না বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আছে লেস্টার। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার্সের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে ইতিহাস গড়ার পথেই ছুটছে গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো দলটি।
লেস্টার কর্তৃপক্ষ তার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করবে বলে মনে করেন লেস্টারকে বদলে দেওয়া ৬৪ বছর বয়সী রানিয়েরি।
“আমি আশা করি, তারা আমার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করবে; ছয় বা সাত বছরের জন্য। আর তাহলে আমি ক্যারিয়ার এখানেই শেষ করব।”
২০১৬ ইউরোর পর ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়াবেন এরই মধ্যে চেলসির সঙ্গে চুক্তি করে ফেলা আন্তোনিও কোন্তে। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনেকেই বলছে রানিয়েরির নাম।
ক্রীড়া সাময়িকী কিকারকে রানিয়েরি বলেন, “আমি এখানে খুব সুখে আছি এবং পরির্তন করা নিয়ে ভাবছি না। আমি মনে করি, কোচ হিসেবে লেস্টারই হবে আমার শেষ ঠিকানা।”
