২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিদানকে রেখে দিতে রিয়ালকে বেনজেমার পরামর্শ

২০১৫-১৬ মৌসুমের পরও জিনেদিন জিদানকেই প্রধান কোচের দায়িত্বে রেখে দিতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন ক্লাবটির তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 05:18 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

গত মঙ্গলবার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠে রিয়াল। জার্মানির ক্লাবটির কাছে প্রথম পর্বে ২-০ গোলে হেরেছিল জিদানের দল।

এ মাসেই লা লিগায় বার্সেলোনার মাঠ থেকে জিতে ফিরেছিল রিয়াল। ৩২ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা। স্পেনের সফলতম ক্লাবটিতে এখন ‘ডাবল’ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে।

বেনজেমা স্পেনের দৈনিক এএসকে বলেন, “এটাও জিদানের সাফল্য। জিদানের জন্য আমার অনেক শ্রদ্ধা আছে। তিনি আমাকে অনেক আত্মবিশ্বাস যুগিয়েছেন।”

“আমি এটা আগেও বলেছি। কিন্তু জিদান আমার কাছে গুরুর মতো। এখন তিনি আমার কোচ এবং তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমরা ভলফ্সবুর্গকে হারানোয় তার জন্য আমি খুব খুশি। এই সাফল্য তার প্রাপ্য।”

জিদানের প্রশংসা করে বেনজেমা বলেন, “অবশ্যই আমি চাই তিনি মাদ্রিদের কোচ হিসেবে থেকে যান। জিদান সবাইকে দেখাচ্ছেন, তিনি শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, দারুণ একজন কোচও।”

রাফায়েল বেনিতেসকে বরখাস্ত করে গত জানুয়ারিতে জিদানকে কোচের দায়িত্ব দেয় রিয়াল।