‘বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখিয়েছে রিয়াল’
ঘুরে দাঁড়িয়ে ভলফসবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ বিশ্বকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বলে মনে করেন স্পেনের ক্লাবটির তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারায় রিয়াল। দুই পর্ব মিলে জার্মানির ক্লাবটিকে ৩-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে ১০ বারের ইউরোপ সেরা দলটি।
ম্যাচ শেষে ওয়েলসের ফরোয়ার্ড বেল বলেন, “বিশ্বকে দেখিয়েছি, আমরা কী করার সামর্থ্য রাখি।”
“আমরা সবাইকে দেখিয়েছি, আমাদের টিম স্পিরিট কত শক্তিশালী। এটা কঠিন ম্যাচ ছিল। কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পেরেছি।”
রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস জয়ের কৃতিত্বের কিছুটা সমর্থকদেরও দেন।
“এটা নিখুঁত একটি রাত ছিল, ক্রিস্তিয়ানো যেমনটা হবে বলেছিল। এটা ছিল অসাধারণ। সমর্থকদের সমর্থনের অনুভূতি আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে এবং জিততে তাড়িত করেছে।”
ম্যাচের আগে রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো সমর্থকদের জাদুকরী রাত উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার অসাধারণ হ্যাটট্রিকে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠে দল।
সমর্থকদের নিয়ে নাভাস বলেন, “আপনি যখন মাঠে যাবেন এবং দেখবেন প্রত্যেকে কতটা আকুল হয়ে আছে; এটা আপনাকে সত্যি অনুপ্রাণিত করবে। আপনি তাদের চোখে বিশ্বাস দেখে থাকবেন। এই অনুভূতিকে রোধ করা আর আপনার সর্বস্ব না দেওয়া কঠিন। সমর্থকরা যেভাবে আমাদের পাশে ছিল তাতে আমরা আনন্দিত।”
