বেনজেমার চোখে এখন ‘ডাবল’ স্বপ্ন
ভলফ্সবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পর ‘ডাবল’ জয়ের কথা ভাবছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা।
ক্রিস্তিয়ানো রোনালদোর অসাধারণ এক হ্যাটট্রিকে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারায় রিয়াল। দুই পর্ব মিলে জার্মানির ক্লাবটিকে ৩-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে জিনেদিন জিদানের দল।
টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা রিয়াল লিগ শিরোপা জয়ের দৌড়েও টিকে আছে। লা লিগার ৩২ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে স্পেনের সফলতম ক্লাবটি।
ভলফ্সবুর্গের বিপক্ষে ম্যাচ শেষে বেনজেমা বলেন, “সেমি-ফাইনালে উঠতে পেরে আমি খুব খুশি। দারুণ এক রাত ছিল এটা।”
“কঠিন একটা ম্যাচ শেষে আমরা খুব খুশি। অনেক ভালো খেলোয়াড় সমৃদ্ধ একটি দল আমরা। আর আমরা শেষ পর্যন্ত লড়াই করব। চলো এগিয়ে যাই এবং চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতি।”
