২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছন্দ হারানো বার্সার সামনে প্রত্যয়ী আতলেতিকো

লা লিগায় গত তিন ম্যাচে জয় না পাওয়া বার্সেলোনা ইউরোপের সেরা প্রতিযোগিতায় অবশ্য এখনও অদম্য। তবে এবারের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদকে খাটো করে দেখার উপায় নেই। হিসেবের একটু গড়মিল হলেই যে মেসি-নেইমারদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে ফেলতে পারে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 09:55 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

বার্সাকে আঘাত করার উপায় জানা সিমেওনের
কালদেরন উত্তাপের জন্য প্রস্তুত বার্সা

কাম্প নউ থেকে ২-১ গোলে হেরে এলেও অ্যাওয়ে গোলের সুবিধা থাকছে আতলেতিকোর। ভিসেন্তে কালদেরনে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হতে যাওয়া ম্যাচে ১-০ গোলে জিতলেই তাই সেমি-ফাইনালের টিকেট পাবে দলটি।

গত মৌসুমের ‘ট্রেবল’ জয়ী বার্সেলোনা এবারও ছুটছে অসাধারণ ওই কীর্তি টানা দ্বিতীয়বার গড়ার পথে। তবে লিগে হঠাৎ ছন্দপতনে তাদের পথচলাটা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করার পর রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে লা লিগার শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে কাতালান ক্লাবটি।

লা লিগায় শেষ তিন ম্যাচে সম্ভাব্য ৯ পয়েন্টের মধ্যে মাত্র ১ পয়েন্ট পেলেও এখনও অবশ্য শীর্ষেই আছে তারা। সেখানেও মেসিদের শিরোপা লড়াইয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই আতলেতিকো, ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে তারা।

এনরিকে অবশ্য এখন লিগের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে ভাবতে রাজি নন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠতে আত্মবিশ্বাসী তিনি।

“আমরা নিখুঁত খেলার জন্য লড়ব এবং (এই ম্যাচের) আবহের জন্য আমরা প্রস্তুত। ভিসেন্তে কালদেরনের আবহের সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম কোনো দল থাকলে সেটা বার্সা।"

প্রথম লেগে ২৫তম মিনিটে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে দেওয়া ফের্নান্দো তরেস ১০ মিনিট পরেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এক জন কম নিয়ে বাকিটা সময় আর পেরে ওঠেনি ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপরা। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেসের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।

প্রথম পর্বে জেতায় এ ম্যাচে ড্র করলেই লক্ষ্য পূরণ হবে বার্সেলোনার। তবে তাতে মোটেও আশ্বস্ত হচ্ছেন না এনরিকে, কঠিন লড়াই করতে হবে বলে মনে করেন তিনি। 

“ছোট ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা আমাদের আছে, কিন্তু লড়াই এখনও উন্মুক্ত।”

কাম্প নউয়ে মাঠে লড়াই করে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন আতলেতিকোর ডিফেন্ডার ফিলিপে লুইস। জনপ্রিয় দল বার্সেলোনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ ছিল তার। একই ইঙ্গিত করেন কোচ সিমেওনেও।

লাল কার্ড পাওয়া তরেস যেমন বলেছেন, ওই ম্যাচে ১১ জন নিয়ে খেলতে পারলে ম্যাচের ফল উল্টো হতে পারতো।

প্রথম পর্বে ঘটে যাওয়া এমন নানা বিতর্কিত বিষয় ফিরতি পর্বের আগে তাই উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করছে।

কোচ এনরিকে প্রতিপক্ষকে নিয়ে না ভেবে শিষ্যদের ব্যর্থতার গণ্ডি ভেঙে বেরিয়ে আসার তাগিদ দিলেন।

“অজুহাত দেখানোর সময় নেই, আমাদের ফল দরকার। এখন মন খারাপ করা এবং নিজেদের খারাপ পথচলা নিয়ে ভাবার সময় নয়।”   

“আশাবাদী হওয়ার কারণ আছে, যদিও আমরা যেমন চাই ফল তেমন হয়নি।”

গুরুত্বপূর্ণ এ লড়াইয়ের আগে খেলোয়াড়দের চোট নিয়ে দুর্ভাবনা আছে বার্সেলোনার। ছিটকে পড়েছেন টমাস ভারমালেন, লম্বা সময় পর দলে ফেরা মিডফিল্ডার রাফিনিয়াকে নিয়েও শঙ্কা আছে। তবে নিষেধাজ্ঞার কারণে সোসিয়েদাদের বিপক্ষে খেলতে না পারা এ মৌসুমের সেরা গোলদাতা সুয়ারেসকে পাচ্ছেন এনরিকে।

সুয়ারেস ফিরলেও মেসির গোল খরা ভাবনার কারণ হতে পারে। প্রতিযোগিতামূলক ফুটবলে ৩৬২ মিনিট ধরে কোনো গোল পাননি এই আর্জেন্টাইন তারকা, ২০১১ সালের পর বার্সেলোনার জার্সিতে এটাই তার দীর্ঘ সময়ের গোল খরা।

মেসির গোল খরা কিংবা বার্সেলোনার চোট সমস্যা আতলেতিকোর স্বপ্ন পূরণের পথটাকে আরেকটু মসৃণ করে দিতে পারে। সঙ্গে আত্মবিশ্বাস জোগাতে পারে ২০১৪ সালের কোয়ার্টার-ফাইনালের অভিজ্ঞতা। সেবার কাতালান ক্লাবটিকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হারিয়েই শেষ চারে উঠেছিল মাদ্রিদের দলটি।

সেবারের প্রথম লেগে ১-০ ব্যবধানের জয়ের নায়ক মিডফিল্ডার কোকে এবারও সমর্থকদের তেমনই কিছু উপহার দেওয়ার কথা বললেন, “আমি নিশ্চিত, এটা দারুণ এক রাত হতে যাচ্ছে।”

দুই বছর আগের সুখস্মৃতি আতলেতিকোর জন্য প্রেরণাদায়ক হলেও দল দুটির মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু একতরফাভাবে বার্সেলোনার দিকে হেলে আছে। এনরিকে দায়িত্ব নেওয়ার পর থেকে সাতবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই বিজয়ী দল মেসি-ইনিয়েস্তারা। এই ম্যাচগুলোতে ১৪টি গোল দেওয়ার বিপরীতে ৬টি গোল খেয়েছে তারা।

মুখোমুখি লড়াইয়ের হতাশাজনক পরিসংখ্যান যেমন আতলেতিকোর আত্মবিশ্বাসে ঘাটতি কারণ, তেমনি তারকা স্ট্রাইকার তরেসের অনুপস্থিতি হতে পারে ভাবনার কারণ। প্রথম ম্যাচে লাল কার্ড পাওয়ায় ঘরের মাঠে খেলতে পারবেন না তিনি।

সিমেওনে অবশ্য তা নিয়ে ভাবছেন না। কাতালান ক্লাবটিকে আঘাত করার মতো তার আক্রমণভাগে আরও খেলোয়াড় আছে বলে বিশ্বাস তার।

তরেস ছাড়াও দলের আক্রমণভাগের শক্তির কথা বলতে গিয়ে এনরিকে ফরাসি স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজমান, আর্জেন্টিনার ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েত্তো ও বেলজিয়ামের ফরোয়ার্ড কারাসকোর নাম উল্লেখ করেন।

প্রথম পর্বের ভুল শুধরে এখানে জয়ের আশায় এনরিকে আরও বলেন, “আমরা একটা ফাঁক খুঁজে বের চেষ্টা করব এবং তাদের ক্ষতি করতে ও জিততে পারি কিনা দেখব।”