২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের টানা তৃতীয় জয়

শেষ দিকে ম্যাচে উত্তেজনা ফেরালেও শেখ রাসেল ক্রীড়া চক্রের জয়রথ থামাতে পারেনি রহমতগঞ্জ। স্বাধীনতা কাপে টানা তৃতীয় জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 09:22 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে শেখ রাসেলের জয়টি ২-১ গোলের। ফিকরু জেইদা ও পল এমিল জয়ী দলের দুই গোলদাতা। ম্যাচে উত্তেজনা ফেরানো গোলটি রহমতগঞ্জের সৈয়দ রাশেদ তুর্য্য করেন ৮৫তম মিনিটে।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে শেখ রাসেল। অন্যদিকে তিন ম্যাচে এটি রহমতগঞ্জের দ্বিতীয় হার।

পঞ্চম মিনিটে ফিকরু গোলে এগিয়ে যায় শেখ রাসেল। বাঁ দিক থেকে অধিনায়ক আতিকুর রহমান মিশুর বুদ্ধিদ্বীপ্ত ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন ইথিওপিয়ার এই ফরোয়ার্ড।

৫ গোল নিয়ে স্বাধীনতা কাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে ফিকরু; ৪ গোল নিয়ে তার পরেই আছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ফরোয়ার্ড ওয়েডসেন আনসেলমে।

নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করা গোলটিও শেখ রাসেল পেয়ে যায় দ্রুত। পঞ্চদশ মিনিটে মিশুর বাড়নো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে জাহিদ হোসেন এমিলি ক্রস দেন। রহমতগঞ্জের ডিফেন্ডাররা ফিকরুকে কড়া পাহারা রাখায় বক্সে ফাঁকা জায়গা পেয়ে যান পল এমিল; মাপা শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

দুই গোল হজমের পর ছোট ছোট পাসে খেলে বলের নিয়ন্ত্রণ নেয় রহমতগঞ্জ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে ম্যাচে ফেরা গোল অধরাই থেকে যায়। ৩৭তম মিনিটে মিডফিল্ডার মেহবুব হাসান নায়োর দূরপাল্লার শটে রাসেল মাহমুদ লিটন পাঞ্চ করে ফেরালে হতাশা বাড়ে দলটির।

৫৫তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট হয় রহমতগঞ্জের। নাইমুর রহমান শাহেদের থ্রু বল ধরে নুরুল আবসারের ক্রসে একটা টোকার দরকার ছিল কিন্তু কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও ব্যর্থ হন। একটু পর নুরুলের আরেকটি ক্রসে টোকা দেওয়ার মতো কেউ বক্সে ছিল না।

৮৫তম মিনিটে মোহাম্মদ সোহেলের শুয়ে পড়ে বাড়ানো বল মাপা শটে ঠিকানায় পৌঁছে দেন বদলি নামা রহমতগঞ্জের ফরোয়ার্ড তুর্য্য। বাকিটা সময় আর কোনো বিপদের মুখে পড়েনি শেখ রাসেল।

দিনের প্রথম ম্যাচে জাহিদ হোসেন ও ফ্যাব্রিস নোয়েলের গোলে ২-০ ব্যবধানে উত্তর বারিধারাকে হারায় চট্টগ্রাম আবাহনী।