২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলানগোরের সামনে ‘বিধ্বস্ত’ শেখ জামাল

এএফসি কাপে মালয়শিয়ার সেলানগোর এফএর পারফরম্যান্স আহামরি নয়। তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্র। পরিস্থিতির বিবেচনায় অবশ্য শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অবস্থা আরও বাজে। তিন ম্যাচের হারের সঙ্গে এবার যোগ হয়েছে মামুনুল ইসলামসহ সেরা আট খেলোয়াড়ের অনুপস্থিতি। তাই সেলানগোরকে সমীহ করেই ছক কষতে হচ্ছে শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিককে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় সেলায়াং মিউনিসিপাল কাউন্সিল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচের মুখোমুখি হবে দুই দল।

গত রোববার মালয়েশিয়ার পথে রওনা হওয়ার আগে নির্ভরযোগ্য আট খেলোয়াড়ের অনুপস্থিতি আর চোটে জেরবার অবস্থার কথা হতাশ কণ্ঠে জানিয়েছিলেন মানিক। প্রতিপক্ষের মাঠে খেলতে নামার আগেও মাত্র ১৪ জনের ‘বিধ্বস্ত’ দল নিয়ে আশার কথা শোনাতে পারেননি তিনি।

“সেলানগোর শক্তিশালী দল; তারা নিজেদের মাঠে খেলবে। এটা আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে।”

সেরা তারকাদের ছাড়াই অবশ্য স্বাধীনতা কাপে আলো ছড়িয়েছে শেখ জামাল। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। তবে ঘরোয়ার এই ছন্দ মালয়েশিয়ার মাঠে টেনে নেওয়া কঠিন মানছেন মানিকও।

“আমাদের চোট সমস্যা আছে এবং নতুন ঘরোয়া মৌসুম সামনে রেখে খেলোয়াড়রা নতুন ক্লাব চলে গেছে। এটা কঠিন ম্যাচ হবে।”

সেলানগোরের এএফসি কাপের মূল পর্বের একমাত্র জয়টি শেখ জামালের বিপক্ষেই পাওয়া। গত মার্চে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৪-৩ গোলে জিতেছিল মালয়েশিয়ার দলটি। তবে ধারাবাহিকতার ঘাটতি ভাবাচ্ছে সেলানগোর কোচ জয়নাল আবিদিন হাসানকেও।

“আমরা ধারাবাহিকতাহীনতায় ভুগছি এবং এই প্রবণতা পরিবর্তনের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। আগামীকালের ম্যাচটা জেতা এবং তিন পয়েন্ট পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”