বর্তমানের প্রতিভাবান কেবল মেসি, রোনালদো, নেইমার: পেলে
অতীতে বিশ্বে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকলেও এখন এই সংখ্যা খুবই কম বলে মনে করেন পেলে। ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারের চোখে বর্তমানে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো আর নেইমারই কেবল অসাধারণ খেলোয়াড়।
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেন, “আমার স্মৃতিতে আছে ববি চার্লটন, ববি মুর। আর ব্যাঙ্কসকে ভুলছি না-গর্ডন ছিল সত্যিকারের এক অসাধারণ খেলোয়াড়।”
“এটা তো কেবল ইংল্যান্ডে; পুরো বিশ্বে একই অবস্থা ছিল; মেধাবী জার্মান, ডাচ আর অবশ্যই ব্রাজিলিয়ানরা।”
পেলে মনে করেন, বর্তমানে বিশ্বমানের প্রতিভার খুব অভাব।
“বর্তমানে বিশ্বে কেবল তিন জন অসাধারণ খেলোয়াড় আছে; মেসি, রোনালদো আর সম্ভবত নেইমার। কিন্তু সেই সময়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় ছিল।”
বর্তমানে প্রতিভাবান খেলোয়াড়ের অভাবের পেছনে এজেন্টদের দায়ী করছেন পেলে। খেলোয়াড়রা ভালোভাবে তৈরি হওয়ার আগেই এজেন্টরা তাদের বড় অঙ্কের টাকার দিকে ঠেলে দেয় বলে উল্লেখ করেন তিনি। পেলের ধারণা, এর কারণেই অনেক মেধাবী ফুটবলারের উন্নতি থেমে যায়।
