গেরো ছোটাতে সোসিয়েদাদের মাঠে বার্সা
রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়ার ধাক্কা সামলে লা লিগার শিরোপা ধরে রাখার পথেই থাকতে চায় বার্সেলোনা। তবে এটা করতে হলে রিয়াল সোসিয়েদাদের মাঠ সান সেবাস্তিয়ান-গেরো ছোটাতে হবে লুইস এনরিকের দলকে।
সোসিয়েদাদের মাঠে আগামী শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।
শিরোপার দিকে বার্সেলোনার অদম্য এগিয়ে চলা বড় এক ধাক্কা খায় গত শনিবার। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে ২-১ গোলে হেরে যায় গত মৌসুমের শিরোপা জয়ী বার্সেলোনা।
এই হারের পর দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ৬ হয়ে যায় এনরিকের দলের। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন ৭।
রিয়ালের কাছে হারের ধাক্কা সামলে গত মঙ্গলবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে আতলেতিকোকে ২-১ গোলে হারায় বার্সেলোনা।
তবে শনিবারের ম্যাচের আগে একটি পরিসংখ্যান দলটির কোচ লুইস এনরিকেকে না ভাবিয়ে পারে না-সোসিয়েদাদ ২০১১ সালে আবার স্পেনের শীর্ষ লিগে ফেরার পর তাদের মাঠে কোনো ম্যাচ জিততে পারেনি বার্সেলোনা। সান সেবাস্তিয়ানে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে আসে কাতালুনিয়ার ক্লাবটি।
সোসিয়েদাদের মাঠে বার্সেলোনা সবশেষ জয় পায় ২০০৭ সালের মে মাসে সাবেক কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে। গত মৌসুমে এনরিকের বার্সেলোনা হেরে এসেছিল ১-০ গোলে।
তবে এই পরিসংখ্যান পেছনে ফেলে সান সেবাস্তিয়ানে এবার জয় পেতে মরিয়া বার্সা কোচ লুইস এনরিকে।
“সেখানে অনেক বছর জয়হীন থাকার পর এবার ৩ পয়েন্ট পাওয়া (শিরোপা জয়ে) বেশ সাহায্য করবে।”
নিষেধাজ্ঞার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে এনরিকে পাচ্ছেন না ২৬ গোল নিয়ে চলতি মৌসুমে লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেসকে। এ ছাড়া চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না আলেইশ ভিদাল, জেরেমি মাথিউ আর সান্দ্রো রামিরেস।
৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা সোসিয়েদাদের মিডফিল্ডার আসিয়ের ইয়াররামেন্দি বার্সেলোনাকে হুমকি দিয়ে রেখেছেন।
“গত কয়েক বছরে আমরা বার্সেলোনাকে অনেক হারিয়েছি। শনিবারও আমরা তাদের হারাতে পারি।”
