ফিকরুর হ্যাটট্রিকে শেখ রাসেলের টানা দ্বিতীয় জয়
গোল করেই চলেছেন ফিকরু জেইদা, স্বাধীনতা কাপে জিতে চলেছে শেখ রাসেল ক্রীড়া চক্রও। ইথিওপিয়ার এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে টিম বিজেএমসিকে ৩-২ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির ২০১৩ সালের চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় জয় পেয়েছে।
আরামবাগ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করেছিল মারুফুল হকের শিষ্যরা। আর রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বিজেএমসি প্রথম হার নিয়ে মাঠ ছাড়ল।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার তৃতীয় মিনিটে জাহিদ হাসান এমিলির চিপ বক্সের মধ্যে খুঁজে পায় ফিকরুকে। ইথিওপিয়ার এই ফরোয়ার্ডকে ফেলে দেন বিজেএমসির সাইফুল ইসলাম। পেনাল্টি থেকে শেখ রাসেলকে সহজেই এগিয়ে নেন ফিকরু।
চার মিনিট পর ঘুরে দাঁড়ায় বিজেএমসি। এলিটা কিংসলের ক্রসে মেহেদী হাসান তপুর প্লেসিং শট ঠিকানা খুঁজে পেলে ১-১ সমতায় ফেরে ম্যাচ।
৫৪তম মিনিটে গোছালো আক্রমণ থেকে এগিয়ে যায় শেখ রাসেল। ডানদিক থেকে রাজন মিয়ার ক্রসে ফিকরু নিখুঁত হেডে গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলকে পরাস্ত করেন।
বিজেএমসি বড় ধাক্কাটি খায় ৫৮তম মিনিটে। রুম্মন হোসেনকে মারাত্মকভাবে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির ক্যামেরুনের ডিফেন্ডার বেইবেক ইসেই। বেইবেকের ট্যাকলে আহত রুম্মনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজনের দৃঢ়তায় ৭৪তম মিনিটে বিজেএমসির সমতায় ফেরার সুযোগ নষ্ট হয়। তপুর হেড রাজন গোললাইন থেকে ফেরান। এর দুই মিনিট পর ফিকরু স্বাধীনতা কাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণের উচ্ছ্বাসে ভাসেন। চলতি আসরে এটি দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা।
গত মঙ্গলবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ফরোয়ার্ড ওয়েডসেন আনসেলমে স্বাধীনতা কাপের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করেন।
৮২তম মিনিটে শেখ রাসেলের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের পোস্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ নিয়ে লক্ষ্যভেদ করেন বিজেএমসি স্যামসন ইলিয়াসু। কিন্তু তাতে হার এড়াতে পারেনি সাইদুল ইসলামের দল।
