নেইমারকে কিছুতেই ছাড়বে না বার্সেলোনা
বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই তাদের। এমনকি ব্রাজিলিয়ান তারকার সঙ্গে এ বিষয়ে কোনো ক্লাবের আলোচনাতেও রাজি নয় কাম্প নউ কর্তৃপক্ষ।
গত কয়েক মাসে নেইমারের প্রতি রিয়াল মাদ্রিদ ও পিএসজির আগ্রহ নিয়ে বারবার গুঞ্জন ওঠে। অন্যদিকে নেইমারের সঙ্গে বার্সেলোনার চুক্তি নবায়ন নিয়েও এখনও চূড়ান্ত কিছু হয়নি। এর মধ্যেই আবার নেইমারের এজেন্ট দলবদল নিয়ে কথা বলেন।
ফ্রান্সের একটি দৈনিককে নেইমারের এজেন্ট রিবেইরো বলেন, “প্যারিসের মতো একটি শহরে বাস করা এবং পিএসজির মতো একটি ক্লাবে খেলা সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন। পিএসজি যদি নেইমারকে চুক্তিবদ্ধ করতে আগ্রহ দেখায়, আমরা তাহলে সব সময়ই আলোচনা করতে পারি।”
বর্তমান চুক্তিতে নেইমারের বাইআউট ক্লজ ১৯ কোটি ৩০ লাখ ইউরো। বিশাল এই অঙ্ক পিএসজির জন্য কোনো ব্যাপার নয় বলেই মনে করেন রিবেইরো।
এ মন্তব্যের প্রসঙ্গে গ্লোবো এম্পার্তোকে বার্সেলোনা সভাপতি বার্তোমেউ বলেন, “কেউ যদি নেইমারের সঙ্গে আলোচনা করতে চায়, আমরা তার অনুমতি দিব না। নেইমার বার্সেলোনাতেই থাকবে।”
বর্তমান চুক্তি অনুযায়ী, কাতালান ক্লাবটিতে ২০১৮ সাল পর্যন্ত থাকবেন নেইমার। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি করতে চায় বার্সেলোনা।
গত মৌসুমে বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেইমার এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ২৭ গোল করেছেন।
