২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে বার্সাতে থাকার পরামর্শ কাফুর

উত্তরসূরি নেইমারকে বার্সেলোনাতেই থাকার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাফু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 09:55 PM

Updated : 25 Jul 2022, 09:23 PM

দুটি বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতে, বিশ্বসেরা হওয়ার স্বপ্ন পূরণে কাতালান ক্লাবটিই নেইমারের জন্য উপযুক্ত স্থান।

গত মৌসুমে বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেইমার এবারও দারুণ খেলে চলেছেন। এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ২৭ গোল করেছেন এই তারকা।  

শুরু থেকে কাম্প নউয়ের ক্লাবটিতে খুব ভালো আছেন বলে অনেকবার জানিয়েছেন তিনি। তারপরও বারবার তার দলবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন ওঠে। গত কয়েক মাসে নেইমারের প্রতি রিয়াল মাদ্রিদ ও পিএসজির আগ্রহ নিয়ে খবর হয়।

তবে ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কাফুর বিশ্বাস নেইমার বার্সেলোনাতেই থাকবেন।

লরিয়াস ডটকমকে তিনি বলেন, “বার্সেলোনা একটা দল যা তাকে (নেইমার) সহায়তা করে, দলটিতে তার জ্বলে ওঠায় উপযুক্ত কাঠামো আছে।”

গত বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন নেইমার। তবে কাফুর দৃঢ় বিশ্বাস, শিগগিরই বর্ষসেরা ফুটবলার হবেন ২৪ বছর বয়সী ব্রাজিলের অধিনায়ক।

পুরনো খবর:

নেইমারকে কিছুতেই ছাড়বে না বার্সেলোনা