চেলসির কোচ হলেন কোন্তে
চেলসির কোচ হচ্ছেন ইতালি জাতীয় দলের দায়িত্বে থাকা আন্তোনিও কোন্তে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সোমবার ইতালির বর্তমান কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায়।
চেলসির সঙ্গে ৪৬ বছর বয়সী কোন্তের চুক্তিটি তিন বছরের। ইতালির ২০১৬ ইউরো অভিযান শেষেই ইংল্যান্ডের ক্লাবটির দায়িত্ব নেবেন তিনি।
ফ্রান্সে ইউরোর মূল পর্বের লড়াই শুরু হবে আগামী ১০ জুন। বেলজিয়ামের বিপক্ষে ইতালি তাদের প্রথম ম্যাচটি খেলবে আগামী ১৩ জুন।
“চেলসি ফুটবল ক্লাবে কাজ করা নিয়ে আমি খুব রোমাঞ্চিত। আমি আমার দেশের জাতীয় দলের কোচ হয়ে গর্বিত। আর একমাত্র চেলসির মতো আকর্ষণীয় একটি ক্লাবের কোচের দায়িত্বই এর সঙ্গে যায়।”
ইউভেন্তুসে চারশর বেশি ম্যাচ খেলার পর কোচের দায়িত্বও নেন কোন্তে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কোন্তে কোচ থাকা অবস্থায় ইউভেন্তুস টানা তিনটি সেরি আ শিরোপা জেতে।
জোসে মরিনিয়ো বরখাস্ত হওয়ার পর অন্তবর্তী কোচ হিসেবে চেলসির দায়িত্ব নেওয়া গাস হিডিঙ্ক চলতি মৌসুমের শেষ পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন।
চেলসির ইতিহাসে পঞ্চম ইতালিয়ান কোচ কোন্তে।
