মেসির তুলনা এবার গাউদির সঙ্গে
মানুষ লিওনেল মেসিকে সাধারণত দিয়েগো মারাদোনা বা পেলের সঙ্গেই তুলনা করে থাকেন। ইভান রাকিতিচ তার বার্সেলোনা সতীর্থকে তুলনা করেছেন খ্যাতনামা কাতালান স্থপতি আন্তনি গাউদির সঙ্গে।
সাগরাদা ফামিলিয়া গির্জাসহ বার্সেলোনার অনেক বিখ্যাত ভবনের নকশা করেছেন গাউদি। রাকিতিচ মনে করেন, মাঠের প্রতিভার জন্য মেসি এই স্থপতির সঙ্গে তুলনীয়। তবে গাউদির মতো মেসিরও সমর্থন প্রয়োজন আছে বলে উল্লেখ করেন বার্সেলোনা মিডফিল্ডার।
“শুধু প্রতিভাই যথেষ্ট নয়। আপনি যদি সব পজিশনে সেরাদের নেন, তাহলেই সেরা দল হবে না।”
“আমরা গাউদির কথাই বলতে পারি- তিনি মেধাবী ছিলেন, তার অনন্য সব ভাবনা ছিল। কিন্তু কাঠামোগত পরিকল্পনা নিয়ে তার দারুণসব পরিকল্পনা সমর্থন দেওয়ার জন্য একজন গণিত বিশেষজ্ঞ ছিল। এটা না হলে ওই ভবনগুলো হয়ত তিনি গড়তেই পারতেন না।”
“মেসি স্থপতি হলে গাউদিই হতো। …আমি হতাম তার সহকারী, এখন যেমন আছি।”
স্পেনের লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় মেসি-রাকিতিচদের বার্সেলোনা নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।
