ইনিয়েস্তার কাছে রিয়াল বিপজ্জনক
রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় বার্সেলোনা। তবে প্রতিপক্ষকে ‘বিপজ্জনক দল’ উল্লেখ করে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন কাতালান ক্লাবটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
‘এল ক্লাসিকো’ নামে পরিচিত রিয়াল-বার্সার দ্বৈরথটি আগামী শনিবার কাম্প নউতে হবে।
ইনিয়েস্তা বলেন, “লিগ জয়ের আরও কাছে যেতে আমরা ম্যাচটি জিততে চাই।”
৩০ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।
গত নভেম্বরে লিগে মৌসুমের প্রথম ক্লাসিকোতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা।
ইনিয়েস্তা বলেন, “এল ক্লাসিকো সব সময়ই ভিন্ন একটি ম্যাচ। আপনি এটা পরিবেশেই টের পেতে পারেন। আমরা অন্য কিছুতে মনোযোগ না দিয়ে ম্যাচটি জিততে চাই।”
“সম্ভাব্য সেরা উপায়ে মৌসুমটি শেষ করার ইচ্ছা ও আগ্রহ আমাদের আছে,” যোগ করেন ইনিয়েস্তা।
কাম্প নউয়ে ভালো একটি ম্যাচ হবে বলেই মনে করেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার।
“রিয়াল মাদ্রিদ বিপজ্জনক দল। উভয় দলই একে অপরকে খুব ভালো করে জানে। আমি মনে করি, সমর্থকরা ম্যাচটি উপভোগ করতে পারবে।”
