মেসিতে মুগ্ধ আর্জেন্টিনা কোচ
বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসির খেলায় মুগ্ধ জেরার্দো মার্তিনো। আর্জেন্টিনার হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা তারকা এই ফরোয়ার্ড সবাইকে 'ধারাবাহিকভাবে বিস্ময় উপহার দিয়ে যাচ্ছে' বলে উল্লেখ করেন দেশটির কোচ।
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। গাব্রিয়েল মেরকাদো দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন মেসি।
আর্জেন্টিনার হয়ে ৫০তম গোলের দেখা পাওয়া দ্বিতীয় খেলোয়াড় হয়ে গেছেন মেসি। ৫৬ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এএস রোমা ও ফিওরেন্তিনার সাবেক ফরোয়ার্ড গাব্রিয়েল বাতিস্তুতা।
ম্যাচ শেষে মার্তিনো বলেন, “মেসি দারুণ একটি ম্যাচ খেলেছে। সে আরও গোল করতে পারত। সে বিস্মিত করেই যাচ্ছে। তাকে পেয়ে আর্জেন্টাইনরা খুব খুশি।”
মেসির খেলায় খুশি হলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন মার্তিনো।
“প্রথমার্ধটা ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের ঐকান্তিকতায় ঘাটতি ছিল।”
