দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে খুশি মেসি
বলিভিয়ার বিপক্ষে দেশের হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুটি ম্যাচ জিততে পেরেই বেশি খুশি।
নিজেদের মাঠে বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়াকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ২০তম মিনিটে গাব্রিয়েল মেরকাদো দলকে এগিয়ে দেওয়ার ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
এর আগে আর্জেন্টিনার হয়ে ৫০ গোলের মাইলফলকে পৌঁছান কেবল গাব্রিয়েল বাতিস্তুতা। দেশের জার্সি গায়ে ৫৬ গোল করেন এএস রোমা ও ফিওরেন্তিনার সাবেক এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে মেসি বলেন, “আমি ৬ পয়েন্ট পেয়ে খুশি, যেটা এই দুই ম্যাচ শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল।”
ম্যাচের আগে করদোবার মাঠের বাজে অবস্থা নিয়ে অনেক কথা হয়েছে। ম্যাচ শেষেও এ নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, দুই দলকেই এটা সামলাতে হয়েছে।
“মাঠ অতটা ভালো ছিল না। আমরা জানতাম, এটা অজুহাত হবে না। কিছুক্ষণ আমরা ভালো খেলেছি। এর পর আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর ছন্দপতনও হয়। কিন্তু ম্যাচটি জিতেছি।”
করদোবায় সমর্থকরা দলকে যেভাবে সমর্থন দিয়েছে তাতেও বেশ খুশি মেসি।
ক্লাব ও দেশের হয়ে ৫০০ গোলের মাইলফলক ছোঁয়া থেকে মেসি এখন মাত্র একটি গোল দূরে। বার্সেলোনার হয়ে ৫২০ ম্যাচ খেলে ৪৪৯ গোল করেন আর্জেন্টিনার হয়ে ১০৭ ম্যাচ খেলা মেসি।
