২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের আলীগঞ্জ মাঠ রক্ষার দাবি ক্রীড়াপ্রেমীদের

নারায়ণগঞ্জের কুতুবপুর, ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের প্রায় ১০ লাখ মানুষের খেলাধুলার জন্য আলীগঞ্জ মাঠই একমাত্র আঙিনা। সেখানেই কিনা পিডব্লিউডির (গণপূর্ত অধিদপ্তর) কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবাদে মুখর নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমী, সংগঠকরা একাট্টা হয়ে ঐতিহ্যবাহী আলীগঞ্জ মাঠ বাঁচানোর সংগ্রামে নেমেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 07:33 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মঙ্গলবার সংবাদ সম্মেলন করে আলীগঞ্জ মাঠ রক্ষার এবং মাঠটিকে স্টেডিয়ামে রূপ দেওয়ার দাবি জানান নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমী, সংগঠকরা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন তারা।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি তানভির আহমেদ টিটু সংবাদ সম্মেলনে বলেন, “পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জের মাসদাইর, এর মধ্যে ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের প্রায় ১০ লাখ লোকের বসবাস। তাদের খেলার জন্য এই একটিই মাঠ। আমরা কেবল মাঠ রক্ষার জন্যই নয়, একত্রিত হয়েছি আলীগঞ্জে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি নিয়ে।”

আশরাফউদ্দিন চুন্নু, সম্রাট হোসেন এমিলি ও মোনেম ‍মুন্নার মতো সাবেক তারকা ফুটবলারের উঠে আসা নারায়ণগঞ্জ থেকে। বর্তমানে জাতীয় ফুটবল দলে খেলছেন নারায়ণগঞ্জের ওয়ালী ফয়সলাল, তপু বর্মন।

আলীগঞ্জ মাঠে খেলা জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান নির্বাচক ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে এসে দাবি তোলেন মাঠটি বাঁচানোর।

“আশির দশকের শেষ দিকে আমিও এ মাঠে খেলেছি। মাঠ রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকেই আজকে এখানে এসেছি।’

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসির বলেন, “গত বছর ডিসি কাপের জমজমাট আসর হয়েছে। সরকারের শীর্ষ মহলকে বোঝাতে পারলে খেলার মাঠ হিসেবে অক্ষত থাকবে ঐতিহ্যবাহী আলীগঞ্জ মাঠ।”

আলীগঞ্জ মাঠ রক্ষার উদ্যেগে সমর্থন জানাতে এসেছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, অ্যাথলেটিক্স ফেডারেশন সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসসহ আরও অনেকে। সবাই আলীগঞ্জ মাঠ বাঁচাতে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।