দল গোছাল শেখ জামালও
স্থানীয় ফুটবলারদের দলবদলের শেষ দিনে দল গুছিয়ে নিয়েছে ২০১৫-১৬ মৌসুমের লিগে খেলা ১১ দল। লিগের শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের দলবদলের অনিশ্চয়তা নিয়ে যে গুঞ্জন উঠেছিল, তা আর সত্যি হয়নি। সেরা তারকাদের ছাড়াই দল গুছিয়েছে তারা।
২০১৫-১৬ মৌসুমের জন্য দলবদলে সবার আগে ঘর গুছিয়ে নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। গত শনিবার তাদের সঙ্গে স্থানীয় খেলোয়াড়দের নিবন্ধনের কাজটি সেরে নেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিও।
আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ফেনী সকার, উত্তরা বারিধারা, টিম বিজেএমসি, আরামবাগ ক্রীড়া চক্র, শেখ জামাল-এই নয় দল গত রোববার স্থানীয় খেলোয়াড়দের নাম জমা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে।
শক্তির দিক থেকে ঢাকা আবাহনীর চেয়ে এবার চট্টগ্রাম আবাহনী এগিয়ে। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব থেকে মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্নার মতো নির্ভরযোগ্যদের দলে টেনেছে তারা। এছাড়াও জাতীয় দলে খেলা তকলিস আহমেদ, সোহেল রানা, রায়হান হাসান, রুবেল মিয়া যোগ দিয়েছেন বন্দরনগরীর দলে।
লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলে যাওয়া মরক্কোর তারিক আল ইমামকে নিয়ে মিডফিল্ডের শক্তি বৃদ্ধি করেছে চট্টগ্রাম আবাহনী। খেলোয়াড়দের নিবন্ধন করানোর পর লিগ শিরোপা জয়ের আশাবাদ জানান দলটির ম্যানেজার শাকিল মাহমুদ।
“শিরোপা লড়াই করার মতো দল গড়তে পেরেছি কিনা জানি না। তবে আমরা আশা করি, মাঠের লড়াইয়ে ফাইট দেব। এবার আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল ভালো দল গড়েছে, আশা করি, এবারের লিগ জমজমাট হবে এবং আমরা শিরোপা জিততে পারব।”
চট্টগ্রাম আবাহনীতে নাম লিখিয়েছেন বর্ষীয়ান খেলোয়াড় হাসান আল মামুন। মাঠে থেকে ফুটবলকে বিদায় জানানোর সুযোগ করে দিতেই ৩৯ বছর বয়সী মামুনকে দলে রাখা হয়েছে বলে জানান শাকিল। মুক্তিযোদ্ধা, মোহামেডান, আবাহনীর হয়ে খেলা মামুন বিদায় নেওয়ার পর চট্টগ্রাম আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান দলটির টিম ম্যানেজার।
জাতীয় দলের নয় ফুটবলার চলে যাওয়ায় শিরোপাধারী জামালের শক্তি এবার অনেকটাই কমেছে। গুঞ্জন উড়িয়ে দলবদল সারলেও দলটি ‘নিয়ম ভেঙে চলে যাওয়া’ মামুনুলদের ফিরে পাওয়ার দাবি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ক্লাবটি।
এ নিয়ে সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যে জন্য চিঠি দিয়েছে, সেটা আমাদের সংশ্লিষ্ট কমিটি দেখবে; শুনানির প্রয়োজন হলে করবে এবং তারপরই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।”
