রেকর্ড নয়, শিরোপায় চোখ মেসির
টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে বার্সেলোনা। সেই পথে নিজেদের টানা অপরাজিত থাকার রেকর্ডটিকে ৩৮ ম্যাচে নিয়ে গেছে কাতালুনিয়ার ক্লাবটি। দলের সেরা তারকা লিওনেল মেসি অবশ্য রেকর্ড নিয়ে ভাবছেন না, তার চোখ শুধুই শিরোপা জয়ের দিকে।
গত বুধবার শেষ ষোলোর দ্বিতীয় পর্বে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে টানা নবমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।
বৃহস্পতিবার বার্সেলোনা শহরে এক অনুষ্ঠানে মেসি বলেন, “আমরা টানা অপরাজিত থাকা নিয়ে ভাবি না। এটা নিয়ে কথাও বলি না।”
“আমরা চাই শিরোপা। এটাই হিসাব। এর সঙ্গে আমরা যদি রেকর্ডগুলোও ভাঙতে পারি, তাহলে আরও ভালো। কিন্তু আপনি যদি শিরোপাও না জেতেন, তাহলে এগুলোর কোনো মূল্য নেই,” যোগ করেন মেসি।
