২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সা শুধু তিন জনের উপরই নির্ভরশীল নয়’

বার্সেলোনা শুধু ‘এমএমএন’-এর উপরই নির্ভরশীল নয় বলে মনে করেন লিওনেল মেসি। কাতালুনিয়ার ক্লাবটিতে আরও অনেক অসাধারণ খেলোয়াড় আছে বলে উল্লেখ করেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 04:40 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

রেকর্ড নয়, শিরোপায় চোখ মেসির

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে আর্সেনালকে হারিয়ে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটিকে ৩৮ ম্যাচে নিয়ে গেছে বার্সেলোনা। 
 
স্পেনের লা লিগায় ২৯ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লুইস এনরিকের দল। কোপা দেল রের ফাইনালে ওঠা দলটি টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের পথে আছে। 
 
বার্সেলোনার সেরা তারকা ২৮ বছর বয়সী মেসি এ মৌসুমে ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলে ৩৭ গোল করেন। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫টি গোল।
 
‘এমএসএন’ নামে পরিচিত মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া আক্রমণত্রয়ী চলতি মৌসুমে একশর বেশি গোল করে ফেলেছে। অনেকেই বলছেন, বার্সেলোনা এভাবে অদম্য গতিতে এগিয়ে চলছে এই তিন তারকায় ভর করেই। 
 
তবে এ নিয়ে মেসির মতটা একটু ভিন্নই। 
 

“আমি মনে করি না যে, বার্সেলোনা আমাদের তিন জনের উপর নির্ভরশীল। দলের গভীরতা আছে এবং তিন জন খেলোয়াড়ের চেয়ে বেশি কিছু আছে।” বার্সেলোনায় এক অনুষ্ঠানে বৃহস্পতিবার মেসি বলেন, “আমাদের খেলোয়াড়রা এত অসাধারণ যে, এই তিন ফরোয়ার্ডের উপর নির্ভর করার প্রয়োজন পড়ে না। আমরা দলকে সেরাটা দিতে চেষ্টা করি এবং রক্ষণ আর আক্রমণে সাহায্য করি। কিন্তু আমি মনে করি না যে, দল আমাদের উপর নির্ভরশীল।” বার্সেলোনার এমন দুর্দম্য গতিতে এগিয়ে চলার রহস্য জানাতে গিয়ে মেসি বলেন, “সব কিছুর মূলে আছে ভালো সম্পর্ক। শুধু ত্রয়ীর মধ্যেই নয়, এটা পুরো দলের মধ্যে আছে।”