২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাধারণকে শিল্পে রূপ দেয় মেসি-নেইমার-সুয়ারেস’

বার্সেলোনার আক্রমণত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের খেলায় মুগ্ধ আর্সেন ভেঙ্গার। কাতালুনিয়ার ক্লাবটির এই তিন তারকা শৈল্পিক ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন বলে মনে করেন আর্সেনালের কোচ। বেশিরভাগ খেলোয়াড় যেখানে কিছু করার কথা ভাবতে পারেন না, এমন অবস্থায় তারা অসাধারণ কিছু করে দলকে ম্যাচ জেতাতে পারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 04:16 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

‘সবচেয়ে ভয়ঙ্কর দল বার্সেলোনা’
মেসি-নেইমার-সুয়ারেসের গোলে শেষ আটে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে গত বুধবার বার্সেলোনার মাঠে ৩-১ গোলে হারে আর্সেনাল। বার্সেলোনাকে জেতানো গোল তিনটি করেন ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণত্রয়ীর তিন সদস্য নেইমার, সুয়ারেস ও মেসি।

প্রথম পর্বে নিজেদের মাঠেও ২-০ গোলে হেরেছিল আর্সেনাল।

দ্বিতীয় পর্বের ম্যাচ শেষে ভেঙ্গার বলেন, “এই তিন জন একসঙ্গে সম্পূর্ণভাবে ব্যতিক্রমী। কিছু না থাকলেও তারা সুযোগ তৈরি করতে পারে।”

এই তিন তারকার মধ্যে মেসির কথা আবার আলাদা করে বলেন ভেঙ্গার।

“কিন্তু আমাকে বলতেই হচ্ছে আমাদের রক্ষণে বার্সার পাসের মান ও নির্ভুলতা ছিল অসাধারণ, বিশেষ করে মেসির। পুরো ম্যাচে সে বলে একটাও প্রথম স্পর্শ ‘মিস’ করেনি।

“এই খেলায় আপনাকে অবশ্যই শিল্পের প্রশংসা করতে হবে। তাদের দুই-তিন জন খেলোয়াড় আছে, যারা সাধারণকে শিল্পে পরিণত করে। আমি এটাকে শ্রদ্ধা করি। এটা আনন্দেরও। অবশ্যই এটা আমার জন্য দুর্ভোগের। কিন্তু সে যা করে তা অসাধারণ,” যোগ করেন ভেঙ্গার।

মোহামেদ এলনেনির ৫১তম মিনিটের গোলে ম্যাচে সমতায় ফিরেছিল আর্সেনাল। দ্রুত আরেকটি গোল করতে পারলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত বলে মনে করেন ভেঙ্গার।

গোল করার বেশ কিছু ভালো সুযোগও পায় আর্সেনাল। তবে ড্যানি ওয়েলবেক, আলেক্সিস সানচেস ও বদলি হিসেবে নামা অলিভিয়ে জিরুদরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। এই কারণে একটু হতাশই আর্সেনালের কোচ।

“আমরা সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে পারিনি।”