২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবচেয়ে ভয়ঙ্কর দল বার্সেলোনা’

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার পথে অদম্যভাবে এগিয়ে চলা বার্সেলোনার কোচ কোয়ার্টার-ফাইনালে কোনো দলের মুখোমুখি হতেই ভয় পাচ্ছেন না। লুইস এনরিকের কাছে তার ক্লাবই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 03:07 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

মেসি-নেইমার-সুয়ারেসের গোলে শেষ আটে বার্সেলোনা

শেষ ষোলোর দ্বিতীয় পর্বে গত বুধবার নিজেদের মাঠ কাম্প নউতে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা। আর্সেনালের মাঠ থেকে প্রথম পর্বের ম্যাচটি ২-০ গোলে জিতে এসেছিল এনরিকের দল। 
 
এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনার সঙ্গে আছে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি, ভলফ্সবুর্গ ও বেনফিকা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র হবে আগামী শুক্রবার।
 
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনা কোচ এনরিকে মজা করে বলেন, “আমি যে একটি দলের মুখোমুখি হতে চাইব না, সেটা বার্সেলোনা। কিন্তু আমি তাদের মুখোমুখি হতে পারি না। তাই আমি এটা নিয়ে শান্তিতে আছি।”
 
বার্সেলোনার অদম্য গতিতে এগিয়ে চলার রহস্যের কথাও জানান এনরিকে। 
 
“স্পষ্টতই আমাদের অনন্য সব খেলোয়াড় আছে। কিন্তু সব শেষে এই দল নিয়ে দারুণ বিষয় হচ্ছে, আক্রমণ আর রক্ষণে তারা দলগতভাবে কাজ করে।”
 
আর্সেনালের বিপক্ষে বুধবার বার্সেলোনার গোল তিনটি করেন ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণত্রয়ীর তিন সদস্য নেইমার, লুইস সুয়ারেস ও লিওনেল মেসি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই তিন জনের কথা আলাদা করেই বললেন এনরিকে। 
 
“আমি আনন্দিত যে মেসি, সুয়ারেস আর নেইমার আমাদের ফরোয়ার্ড।”